গণঅভ্যুত্থানের প্রথম শহীদ আবু সাঈদ হত্যা মামলার রায় ৯ এপ্রিল

জুলাই গণ-অভ্যুত্থানের প্রথম শহীদ, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাঈদ হত্যায় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলার রায় আগামী ৯ এপ্রিল ঘোষণা করা হবে।
বিজ্ঞাপন
বৃহস্পতিবার (৫ মার্চ) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এই তারিখ নির্ধারণ করেছে। এর আগে যুক্তিতর্ক শেষে মামলাটি রায়ের জন্য অপেক্ষমাণ (সিএভি) তালিকায় রাখা হয়।
বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এ আদেশ দেন। অপর দুই সদস্য হলেন বিচারক মো. মঞ্জুরুল বাছিদ ও বিচারক নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর। প্রসিকিউশনের পক্ষে বক্তব্য উপস্থাপন করেন প্রসিকিউটর মো. মিজানুল ইসলাম। তিনি জানান, “মামলার সব আসামির বিরুদ্ধে আনা অভিযোগ প্রমাণ করতে সক্ষম হয়েছে। এখন ট্রাইব্যুনাল রায়ের জন্য মামলাটি অপেক্ষমাণ তালিকায় রেখেছে।”
বিজ্ঞাপন
মামলায় ৩০ জন আসামি রয়েছে। এদের মধ্যে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য মো. হাসিবুর রশীদসহ ২৪ জন পলাতক। বাকী ছয়জন বর্তমানে কারাগারে রয়েছেন।
তারা হলেন: সাবেক প্রক্টর শরিফুল ইসলাম; সাবেক সহকারী রেজিস্ট্রার রাফিউল হাসান; রেজিস্ট্রার কার্যালয়ের চুক্তিভিত্তিক সাবেক কর্মচারী আনোয়ার পারভেজ; পুলিশের সাবেক সহকারী উপ-পরিদর্শক আমির হোসেন; সাবেক কনস্টেবল সুজন চন্দ্র রায়; নিষিদ্ধঘোষিত সংগঠন ছাত্রলীগের নেতা ইমরান চৌধুরী (ওরফে আকাশ)।
মামলায় অভিযোগ গঠন করা হয় ৬ আগস্ট।








