জামিন পেলেন গায়ক নোবেল, ৫ হাজার টাকায় মুক্তির আদেশ

বিয়ের প্রলোভন দেখিয়ে অর্থ আত্মসাতের অভিযোগে করা মামলায় সংগীতশিল্পী মাইনুল আহসান নোবেল জামিন পেয়েছেন। রবিবার (৫ এপ্রিল) দুপুরে শুনানি শেষে ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মোস্তাফিজুর রহমান তার জামিন মঞ্জুর করেন। আদালত ৫ হাজার টাকার মুচলেকায় তাকে মুক্তির নির্দেশ দেন।
বিজ্ঞাপন
আসামিপক্ষের আইনজীবী মো. ইমরান হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
মামলার নথি সূত্রে জানা যায়, এর আগে গত ২৩ ফেব্রুয়ারি নারায়ণগঞ্জের সিদ্দিরগঞ্জ থানার বটতলা এলাকা থেকে ডেমরা থানা-পুলিশ নোবেলকে গ্রেফতার করে। ওই দিনই তাকে আদালতে হাজির করা হলে জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত।
বিজ্ঞাপন
অভিযোগে বলা হয়েছে, আনাননিয়া শবনম রোজ নামের এক নারীর সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে তোলেন নোবেল এবং বিয়ের আশ্বাস দেন। সেই সম্পর্কের সুযোগ নিয়ে ২০২৩ সালের ২৫ আগস্ট থেকে ২০২৫ সালের জুন পর্যন্ত বিভিন্ন সময়ে তিনি ওই নারীর কাছ থেকে মোট ১৩ লাখ ১৮ হাজার ৫৪০ টাকা নেন। পরবর্তীতে ওই অর্থ ফেরত না দিয়ে আত্মসাৎ করার অভিযোগ আনা হয়।
এ ঘটনায় ২০২৫ সালের ১৩ আগস্ট আদালতে মামলা দায়ের করা হলে বিচারক পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে (পিবিআই) তদন্তের দায়িত্ব দেন। তদন্ত শেষে চলতি বছরের ৭ জানুয়ারি পিবিআইয়ের উপপরিদর্শক নুরুজ্জামান আদালতে প্রতিবেদন দাখিল করেন। প্রতিবেদনে অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়া গেছে বলে উল্লেখ করা হয়।
বিজ্ঞাপন
উল্লেখ্য, এর আগে ধর্ষণ ও মারধরের অভিযোগে ২০২৫ সালের ১৯ মে ডেমরা থানার আরেক মামলায় গ্রেফতার হন এই শিল্পী। পরে মামলার বাদীকে কারাগারে বিয়ে করার পাঁচ দিনের মাথায়, ২৪ জুন তিনি ওই মামলায় জামিন পান।








