Logo

হাসিনা-আজিজ-বেনজীরসহ আসামির তালিকায় ‘হেভিওয়েট’ ৪১ জন

profile picture
নিজস্ব প্রতিবেদক
২৭ জুলাই, ২০২৬, ১২:৩৮
হাসিনা-আজিজ-বেনজীরসহ আসামির তালিকায় ‘হেভিওয়েট’ ৪১ জন
ছবি: সংগৃহীত

রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে ২০১৩ সালের ৫ মে হেফাজতে ইসলামের সমাবেশকে কেন্দ্র করে সংঘটিত হত্যাকাণ্ডের ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ মোট ৪১ জনকে আসামি করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আনুষ্ঠানিক অভিযোগপত্র (ফরমাল চার্জ) দাখিল করেছে প্রসিকিউশন।

বিজ্ঞাপন

সোমবার (২৭ জুলাই) বেলা পৌনে ১১টার দিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রেজিস্ট্রারের কাছে অভিযোগপত্র জমা দেওয়া হয়। অভিযোগ দাখিল করেন প্রসিকিউটর জহিরুল আমিন। এ সময় প্রসিকিউটর মঈনুল করিম ও মার্জিনা রায়হান উপস্থিত ছিলেন। মামলাটি ট্রাইব্যুনাল-২–এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বেঞ্চে শুনানির জন্য উপস্থাপনের কথা রয়েছে।

প্রসিকিউশনের দাখিল করা অভিযোগে শেখ হাসিনা ছাড়াও তৎকালীন সরকারের একাধিক মন্ত্রী, প্রতিমন্ত্রী, আওয়ামী লীগের শীর্ষ নেতা, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাবেক ঊর্ধ্বতন কর্মকর্তা, সামরিক বাহিনীর সাবেক কর্মকর্তা, সাংবাদিক এবং বিভিন্ন সংগঠনের নেতাদের আসামি করা হয়েছে।

আরও পড়ুন

বিজ্ঞাপন

অভিযোগে যাদের নাম রয়েছে তাদের মধ্যে উল্লেখযোগ্য হলেন— তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী ড. মহিউদ্দিন খান আলমগীর, তৎকালীন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকু, তৎকালীন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু, আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য শেখ ফজলুল করিম সেলিম, সাবেক খাদ্যমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক, মাহবুবউল আলম হানিফ, ড. হাসান মাহমুদ, আ ফ ম বাহাউদ্দিন নাছিম, আব্দুল লতিফ সিদ্দিকী, মৃণাল কান্তি দাস, জাহাঙ্গীর কবির নানক, ডা. দীপু মনি, মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া, সাবেক যুবলীগ চেয়ারম্যান ওমর ফারুক চৌধুরী, সাবেক সংসদ সদস্য সালাউদ্দিন মাহমুদ, গণজাগরণ মঞ্চের আহ্বায়ক ডা. ইমরান এইচ সরকার, শাহরিয়ার কবির, সাংবাদিক মোজাম্মেল হক বাবু ও ফারজানা রুপা।

বিজ্ঞাপন

এ ছাড়া সাবেক আইজিপি হাসান মাহমুদ খন্দকার, একেএম শহীদুল হক, ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী ও বেনজীর আহমেদ, তৎকালীন র‌্যাব মহাপরিচালক মো. মোখলেছুর রহমান, সাবেক সেনাপ্রধান জেনারেল আজিজ আহমেদ, অবসরপ্রাপ্ত মেজর জেনারেল জিয়াউল আহসান, তৎকালীন র‌্যাবের অতিরিক্ত মহাপরিচালক (অপস) লেফটেন্যান্ট জেনারেল মো. মজিবুর রহমান, সাবেক ডিআইজি আব্দুল জলিল মণ্ডল, শেখ মুহাম্মাদ মারুফ হাসান, মাহবুব হোসেন, মনিরুল ইসলাম, তৎকালীন ডিএমপির বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা মো. আনোয়ার হোসেন, আশরাফুজ্জামান, এসএম মেহেদী হাসান, হারুন-অর-রশীদ, বিপ্লব কুমার সরকার, সৈয়দ নুরুল ইসলাম, মো. আসাদুজ্জামান, অবসরপ্রাপ্ত অতিরিক্ত পুলিশ সুপার এসএম শিবলী নোমান এবং তৎকালীন মতিঝিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বিএম ফরমান আলীকেও আসামির তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে।

প্রসিকিউশন জানিয়েছে, দীর্ঘ তদন্ত শেষে তদন্ত কর্মকর্তা চিফ প্রসিকিউটরের কার্যালয়ে তদন্ত প্রতিবেদন জমা দেন। পরে অভিযোগের বিভিন্ন দিক পর্যালোচনা ও যাচাই-বাছাই সম্পন্ন করে আনুষ্ঠানিক অভিযোগপত্র ট্রাইব্যুনালে দাখিল করা হয়।

আরও পড়ুন

বিজ্ঞাপন

তদন্ত সংস্থার তথ্য অনুযায়ী, ২০১৩ সালের ৫ মে হেফাজতে ইসলামের সমাবেশ ঘিরে ঢাকাসহ দেশের চারটি স্থানে সংঘটিত সহিংসতায় মোট ৫৮ জন নিহত হন। এর মধ্যে ঢাকায় ৩২ জন, নারায়ণগঞ্জে ২০ জন, চট্টগ্রামে ৫ জন এবং কুমিল্লায় একজন নিহত হওয়ার তথ্য তদন্তে উঠে এসেছে। এসব ঘটনার ভিত্তিতেই মানবতাবিরোধী অপরাধের অভিযোগে মামলাটি বিচারাধীন রয়েছে।

বিজ্ঞাপন

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আনুষ্ঠানিক অভিযোগপত্র জমা পড়ার মাধ্যমে মামলাটি এখন বিচারিক প্রক্রিয়ার পরবর্তী ধাপে প্রবেশ করেছে। অভিযোগপত্র গ্রহণ, অভিযোগ গঠন এবং পরবর্তী শুনানির বিষয়ে ট্রাইব্যুনাল পরবর্তী সময়ে সিদ্ধান্ত দেবেন।

জেবি/এএস

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD