শেখ হাসিনাসহ ৪১ জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগপত্র দাখিল

২০১৩ সালের ৫ মে রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমাবেশ ঘিরে সংঘটিত হত্যাকাণ্ডের ঘটনায় দায়ের করা মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ৪১ জনের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আনুষ্ঠানিক অভিযোগপত্র (ফরমাল চার্জ) দাখিল করেছে প্রসিকিউশন।
বিজ্ঞাপন
সোমবার (২৭ জুলাই) বেলা পৌনে ১১টার দিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রেজিস্ট্রারের কার্যালয়ে এ অভিযোগ জমা দেন প্রসিকিউটর জহিরুল আমিন। এ সময় তার সঙ্গে ছিলেন প্রসিকিউটর মার্জিনা রায়হান।
আরও পড়ুন
বিজ্ঞাপন
এদিন মামলাটি ট্রাইব্যুনাল-১–এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক বেঞ্চে শুনানির জন্য উপস্থাপনের কথা রয়েছে। অভিযোগপত্র জমা দেওয়ার মধ্য দিয়ে মামলার বিচারিক কার্যক্রমে নতুন ধাপ যুক্ত হলো।
প্রসিকিউশনের তথ্য অনুযায়ী, এ মামলায় বর্তমানে মোট নয়জন আসামি গ্রেপ্তার অবস্থায় রয়েছেন। তাদের মধ্যে রয়েছেন সাবেক মন্ত্রী ডা. দীপু মনি, সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকু, অবসরপ্রাপ্ত মেজর জেনারেল জিয়াউল আহসান, পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) একেএম শহিদুল হক, পুলিশের সাবেক উপ-মহাপরিদর্শক (ডিআইজি) মোল্যা নজরুল ইসলাম, একাত্তরের ঘাতক-দালাল নির্মূল কমিটির উপদেষ্টা পরিষদের সভাপতি শাহরিয়ার কবির, সাবেক ডিআইজি আবদুল জলিল মণ্ডল এবং সাংবাদিক ফারজানা রুপা ও মোজাম্মেল বাবু।
বিজ্ঞাপন
তদন্তসংশ্লিষ্ট তথ্য তুলে ধরে প্রসিকিউশন জানিয়েছে, ২০১৩ সালের ৫ মে হেফাজতে ইসলামের সমাবেশকে কেন্দ্র করে ঢাকাসহ দেশের চারটি স্থানে সংঘটিত সহিংসতায় মোট ৫৮ জন নিহত হন। তদন্ত সংস্থা নিহতদের পরিচয় শনাক্ত করেছে বলে জানানো হয়েছে।
আরও পড়ুন
বিজ্ঞাপন
প্রসিকিউশনের উপস্থাপিত তথ্য অনুযায়ী, নিহতদের মধ্যে ঢাকায় ৩২ জন, নারায়ণগঞ্জে ২০ জন, চট্টগ্রামে ৫ জন এবং কুমিল্লায় একজন নিহত হন। এসব ঘটনার প্রেক্ষাপটে দায়ের করা মানবতাবিরোধী অপরাধের মামলার তদন্ত শেষে এখন আনুষ্ঠানিক অভিযোগ ট্রাইব্যুনালে জমা দেওয়া হয়েছে।
মামলার পরবর্তী শুনানিতে ট্রাইব্যুনাল অভিযোগপত্র গ্রহণ, আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠনসহ পরবর্তী বিচারিক কার্যক্রমের বিষয়ে সিদ্ধান্ত দিতে পারেন। মামলাটি বর্তমানে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচারিক প্রক্রিয়ার অধীনে রয়েছে।








