বেইলি রোড অগ্নিকাণ্ড : ২২ জনের বিরুদ্ধে সিআইডির চার্জশিট

রাজধানীর বেইলি রোডের গ্রিন কোজি কটেজ ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় দায়ের হওয়া মামলায় ২২ জনকে আসামি করে অভিযোগপত্র দাখিল করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। অভিযুক্তদের মধ্যে ভবনের বিভিন্ন রেস্টুরেন্টের মালিক ও সংশ্লিষ্ট ব্যক্তিরা রয়েছেন।
বিজ্ঞাপন
বৃহস্পতিবার (২ এপ্রিল) মামলার তদন্ত কর্মকর্তা ও সিআইডির পরিদর্শক শাহ জালাল মুন্সী আদালতে এই অভিযোগপত্র জমা দেন। দণ্ডবিধির সাতটি ধারায় তাদের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হয়েছে বলে জানানো হয়েছে।
তবে মামলার তালিকাভুক্ত আসামিদের মধ্যে দুজন মৃত্যুবরণ করায় এবং আরও দুজনের বিরুদ্ধে সংশ্লিষ্টতার প্রমাণ না পাওয়ায় তাদের অব্যাহতির সুপারিশ করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন ডিএমপির প্রসিকিউশন বিভাগের উপ-পুলিশ কমিশনার মিয়া মোহাম্মদ আশিস বিন হাছান।
বিজ্ঞাপন
অভিযোগপত্রে উল্লেখ করা হয়, অভিযুক্তরা পরস্পরের যোগসাজশে সরকারি বিধিনিষেধ অমান্য করে যথাযথ অনুমোদন ছাড়াই ভবনে হোটেল ও রেস্টুরেন্ট ব্যবসা পরিচালনা করছিলেন। সেখানে ঝুঁকিপূর্ণভাবে গ্যাস সিলিন্ডার ও বৈদ্যুতিক ওভেন ব্যবহার করা হচ্ছিল, যা নিরাপত্তা ব্যবস্থাকে চরম ঝুঁকির মধ্যে ফেলে দেয়।
এরই ধারাবাহিকতায় ২০২৪ সালের ২৯ ফেব্রুয়ারি রাতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে ৪৬ জন নিহত হন, যাদের মধ্যে তিনজন আগুনে পুড়ে মারা যান। এছাড়া ১১ জন আহত হয়ে চিকিৎসা নেন এবং ৭৫ জনকে জীবিত উদ্ধার করা হয়।
বিজ্ঞাপন
ঘটনার পরদিন ১ মার্চ রমনা থানায় পুলিশ বাদী হয়ে মামলা দায়ের করে। মামলায় অবহেলা, অসাবধানতা, বেপরোয়া আচরণ এবং গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের মাধ্যমে প্রাণহানি ও ক্ষয়ক্ষতির অভিযোগ আনা হয়।








