Logo

জুলাই শহীদ আবু সাঈদ হত্যা মামলার রায় বৃহস্পতিবার

profile picture
নিজস্ব প্রতিবেদক
৮ এপ্রিল, ২০২৬, ২০:৪৫
জুলাই শহীদ আবু সাঈদ হত্যা মামলার রায় বৃহস্পতিবার
শহীদ আবু সাঈদ | ফাইল ছবি

জুলাই আন্দোলনের প্রথম শহীদ রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাঈদ হত্যা মামলার বহুল প্রতীক্ষিত রায় ঘোষণা করা হবে আগামীকাল বৃহস্পতিবার (৯ এপ্রিল)। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এ মামলার রায়ের জন্য দিন ধার্য করেছে।

বিজ্ঞাপন

গত ৫ মার্চ বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বে গঠিত তিন সদস্যের ট্রাইব্যুনাল এই রায়ের তারিখ নির্ধারণ করেন। এর আগে চলতি বছরের ৩০ জুন মামলার আনুষ্ঠানিক অভিযোগ আমলে নেয় ট্রাইব্যুনাল।

মামলায় বিশ্ববিদ্যালয়ের তৎকালীন উপাচার্য মো. হাসিবুর রশীদসহ মোট ৩০ জনকে আসামি করা হয়েছে। তাদের মধ্যে ২৪ জন বর্তমানে পলাতক রয়েছেন। অন্যদিকে ছয়জন আসামি গ্রেফতার হয়ে কারাগারে আছেন।

বিজ্ঞাপন

গ্রেফতার ব্যক্তিরা হলেন— বিশ্ববিদ্যালয়ের সাবেক প্রক্টর শরিফুল ইসলাম, সাবেক সহকারী রেজিস্ট্রার রাফিউল হাসান (রাসেল), রেজিস্ট্রার কার্যালয়ের চুক্তিভিত্তিক সাবেক কর্মচারী মো. আনোয়ার পারভেজ, পুলিশের সাবেক সহকারী উপপরিদর্শক (এএসআই) আমির হোসেন, সাবেক কনস্টেবল সুজন চন্দ্র রায় এবং নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের নেতা ইমরান চৌধুরী ওরফে আকাশ।

বিচারিক প্রক্রিয়ায় তদন্ত কর্মকর্তাসহ মোট ২৫ জন সাক্ষী তাদের সাক্ষ্য প্রদান করেছেন, যা মামলার প্রমাণ উপস্থাপনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

বিজ্ঞাপন

উল্লেখ্য, ২০২৪ সালের ১৬ জুলাই কোটা সংস্কার আন্দোলনের সময় রংপুরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সামনে পার্ক মোড়ে পুলিশের গুলিতে নিহত হন ইংরেজি বিভাগের শিক্ষার্থী ও আন্দোলনের অন্যতম সমন্বয়ক আবু সাঈদ। দুই হাত প্রসারিত করে পুলিশের সামনে দাঁড়িয়ে থাকা তার সেই দৃশ্য সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোড়ন তোলে।

এই ঘটনাকে কেন্দ্র করে দেশজুড়ে প্রতিবাদ ছড়িয়ে পড়ে, যা পরবর্তীতে ছাত্র-জনতার বৃহত্তর গণআন্দোলনে রূপ নেয়। সেই আলোচিত ঘটনার বিচারিক পরিণতি হিসেবে আগামীকালের রায়কে ঘিরে দেশব্যাপী আগ্রহ বিরাজ করছে।

জেবি/এএস

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD