Logo

ট্রাইব্যুনাল নিয়ে ফেসবুক পোস্ট দেওয়ায় গ্রেপ্তারি পরোয়ানা জারি

profile picture
নিজস্ব প্রতিবেদক
৮ এপ্রিল, ২০২৬, ১৮:০০
ট্রাইব্যুনাল নিয়ে ফেসবুক পোস্ট দেওয়ায় গ্রেপ্তারি পরোয়ানা জারি
ছবি: সংগৃহীত

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে আপত্তিকর ও আদালত অবমাননাকর মন্তব্য করার অভিযোগে এম এইচ পাটোয়ারী বাবু নামের এক ব্যক্তির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে। একইসঙ্গে সংশ্লিষ্ট পোস্টে লাইক, শেয়ার কিংবা অবমাননাকর মন্তব্য করেছেন—এমন ব্যক্তিদেরও শনাক্ত করে আইনের আওতায় আনার নির্দেশ দিয়েছে ট্রাইব্যুনাল।

বিজ্ঞাপন

প্রসিকিউশনের আবেদনের ভিত্তিতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ গত মঙ্গলবার এ আদেশ দেয়। আইনশৃঙ্খলা বাহিনী অভিযুক্তকে গ্রেপ্তারের জন্য রাজধানীর মিরপুরের পশ্চিম সেনপাড়া এলাকায় তার বাসায় অভিযান চালালেও তাকে পাওয়া যায়নি। বর্তমানে তিনি পলাতক রয়েছেন। তবে অভিযানের সময় সেখান থেকে একটি মোবাইল ফোন জব্দ করা হয়েছে।

ট্রাইব্যুনাল সূত্র জানায়, অভিযুক্ত ব্যক্তি নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের সাবেক সহসভাপতি। তার ব্যবহৃত একটি ফেসবুক আইডি থেকে দেওয়া পোস্টে বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদার, সাবেক আইন উপদেষ্টা আসিফ নজরুল, সাবেক চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম এবং সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী মোহাম্মদ শিশির মনিরের বিরুদ্ধে বিপুল পরিমাণ অর্থ আত্মসাতের অভিযোগ তোলা হয়, যা আদালতের দৃষ্টিতে অবমাননাকর।

বিজ্ঞাপন

প্রসিকিউটর তানভীর হাসান জোহা জানিয়েছেন, অভিযুক্তকে এখনো গ্রেপ্তার করা সম্ভব না হলেও তার বাসা থেকে জব্দ করা স্যামসাং ব্র্যান্ডের মোবাইল ফোনে সংশ্লিষ্ট ফেসবুক আইডিটি সক্রিয় অবস্থায় পাওয়া গেছে। তাকে গ্রেপ্তারে আইনশৃঙ্খলা বাহিনীর অভিযান অব্যাহত রয়েছে।

তিনি আরও জানান, বিতর্কিত পোস্টটি ছড়িয়ে দেওয়ার সঙ্গে সম্পৃক্ত অন্তত ৫০টি ফেসবুক অ্যাকাউন্ট শনাক্ত করা হয়েছে। এসব অ্যাকাউন্টের ব্যবহারকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে কার্যক্রম চলমান রয়েছে।

জেবি/এএস

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD