সাবেক স্পিকার শিরীন শারমিনকে কঠোর নিরাপত্তায় আদালতে হাজির

হত্যাচেষ্টার একটি মামলায় গ্রেপ্তার সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরীকে কঠোর নিরাপত্তা ব্যবস্থার মধ্যে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতে নেওয়া হয়েছে।
বিজ্ঞাপন
মঙ্গলবার (৭ এপ্রিল) দুপুরে তাকে আদালত প্রাঙ্গণে আনা হয় এবং হাজতখানায় রাখা হয়। এ সময় আদালত এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করে নিরাপত্তা জোরদার করা হয়।
পুলিশ সূত্র জানায়, রাজধানীর লালবাগ এলাকায় বৈষম্যবিরোধী আন্দোলনের সময় দায়ের হওয়া হত্যাচেষ্টা ও ভাঙচুরের একটি মামলায় তাকে আদালতে হাজির করা হয়। দুপুর ১টা ৫৫ মিনিটের দিকে পুলিশি পাহারায় তাকে আদালতের হাজতখানায় নেওয়া হয়।
বিজ্ঞাপন
এর আগে ভোর সাড়ে ৪টার দিকে রাজধানীর ধানমন্ডির ৮/এ সড়কের একটি বাসা থেকে তাকে আটক করা হয়। পরে গোয়েন্দা কার্যালয়ে নিয়ে জিজ্ঞাসাবাদ শেষে তাকে আদালতে সোপর্দ করা হয়।
ডিবির অতিরিক্ত পুলিশ কমিশনার মো. শফিকুল ইসলাম জানান, ডিএমপির লালবাগ থানার একটি মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে। মামলাটি বৈষম্যবিরোধী আন্দোলনের সময় সংঘটিত হত্যাচেষ্টা ও ভাঙচুরের অভিযোগে দায়ের করা হয়।
মামলার বাদী মো. আশরাফুল। এতে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং সাবেক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরসহ একাধিক ব্যক্তিকে আসামি করা হয়েছে। মামলায় শিরীন শারমিন চৌধুরীকে ৩ নম্বর আসামি করা হয়েছে।
বিজ্ঞাপন
ডিএমপির উপ-পুলিশ কমিশনার (মিডিয়া) এন এম নাসিরুদ্দিন জানিয়েছেন, তার বিরুদ্ধে আরও কয়েকটি মামলা রয়েছে এবং সেগুলোর তদন্ত চলমান।
আরও পড়ুন: ইডেন কলেজের ছাত্রলীগ নেত্রী রিভার জামিন
প্রসঙ্গত, জুলাই মাসের গণঅভ্যুত্থানের পর আওয়ামী লীগ সরকারের পতনের প্রেক্ষাপটে দলটির শীর্ষ নেতাদের অনেকে আত্মগোপনে চলে যান। সেই সময় থেকে প্রকাশ্যে দেখা যায়নি শিরীন শারমিন চৌধুরীকে।
বিজ্ঞাপন
রাজনৈতিক জীবনে ২০০৯ সালে সংরক্ষিত নারী আসনে সংসদ সদস্য হিসেবে যাত্রা শুরু করেন তিনি। পরে ২০১৩ সালে দেশের প্রথম নারী স্পিকার হিসেবে নির্বাচিত হন এবং টানা তিন মেয়াদে দায়িত্ব পালন করেন। ২০২৪ সালের ৫ আগস্ট শেখ হাসিনা দেশত্যাগের পর ২ সেপ্টেম্বর তিনি স্পিকার পদ থেকে পদত্যাগ করেন।








