মায়ের মৃত্যুতে পাঁচ ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি পেলেন চিন্ময় কৃষ্ণ

মায়ের অন্ত্যেষ্টিক্রিয়ায় অংশ নিতে কারাগারে আটক চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে পাঁচ ঘণ্টার জন্য প্যারোলে মুক্তির অনুমতি দিয়েছে সরকার। বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) দুপুর ২টা ৪৫ মিনিটে চট্টগ্রাম জেলার অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) সৈয়দ মাহবুবুল হক বিষয়টি নিশ্চিত করেন।
বিজ্ঞাপন
এর আগে বৃহস্পতিবার সকালে চট্টগ্রামের হাটহাজারীর মেখল পুণ্ডরিক ধামে মারা যান চিন্ময় কৃষ্ণের মা শ্রীমতী সন্ধ্যা রাণী ধর (৭১)। মায়ের মৃত্যুর পর তার অন্ত্যেষ্টিক্রিয়ায় অংশ নিতে প্যারোলে মুক্তির আবেদন করে পরিবার।
চট্টগ্রামের জেলা ম্যাজিস্ট্রেটের কাছে আবেদনটি করেন চিন্ময় কৃষ্ণ দাসের ভাই রঞ্জন কুমার ধর। আবেদনে জানানো হয়, বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টার দিকে সন্ধ্যা রাণী ধর মারা যান। মায়ের অন্ত্যেষ্টিক্রিয়া ও শেষকৃত্যে চিন্ময় কৃষ্ণের উপস্থিতি পরিবারের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ।
আরও পড়ুন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
আবেদনে আরও বলা হয়, মায়ের জীবনের শেষ সময়ে পাশে থাকতে না পারলেও অন্তত শেষকৃত্যে অংশ নেওয়ার সুযোগ তার জন্য গুরুত্বপূর্ণ। মানবিক ও ধর্মীয় বিষয় বিবেচনায় প্রয়োজনীয় সময়ের জন্য প্যারোলে মুক্তি অথবা নিরাপত্তাসহ শেষকৃত্যে উপস্থিতির অনুমতি চাওয়া হয়। আবেদনের সঙ্গে মৃত্যু সনদ ও আবেদনকারীর পরিচয়পত্রের ফটোকপিও জমা দেওয়া হয়।
পরে সরকার চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে পাঁচ ঘণ্টার জন্য প্যারোলে মুক্তির অনুমতি দেয়।
সন্ধ্যা রাণী ধর দীর্ঘদিন ধরে হৃদরোগ, ফুসফুসে সংক্রমণ ও নিম্ন রক্তচাপসহ বিভিন্ন শারীরিক জটিলতায় ভুগছিলেন। প্রায় এক মাস চট্টগ্রামের আগ্রাবাদ মা ও শিশু হাসপাতালে চিকিৎসাধীন থাকার পর বুধবার রাতে তাকে পুণ্ডরিক ধামে নেওয়া হয়।
বিজ্ঞাপন
পুণ্ডরিক ধাম সূত্র জানিয়েছে, ধর্মীয় আচার-অনুষ্ঠান শেষে সেখানেই সন্ধ্যা রাণী ধরের শেষকৃত্য সম্পন্ন হবে।








