Logo

কর্মঘণ্টার পূর্ণ সদ্ব্যবহার ও দ্রুত বিচার নিশ্চিতের নির্দেশ

profile picture
নিজস্ব প্রতিবেদক
২৭ সেপ্টেম্বর, ২০২৬, ১৪:১২
কর্মঘণ্টার পূর্ণ সদ্ব্যবহার ও দ্রুত বিচার নিশ্চিতের নির্দেশ
প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী | ফাইল ছবি

অনুমতি ছাড়া কর্মস্থল ত্যাগ না করে আদালতের নির্ধারিত কর্মঘণ্টার পূর্ণ সদ্ব্যবহার করতে বিচারকদের কঠোর নির্দেশ দিয়েছেন প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী। একই সঙ্গে বিচারপ্রার্থীদের দ্রুত ও কার্যকর সেবা নিশ্চিত করতে বিভাগীয় শহরগুলোতে প্রয়োজনীয় সংখ্যক ট্রাইব্যুনাল ভবন নির্মাণ এবং বিচারিক কার্যক্রমে তথ্যপ্রযুক্তির সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করার ওপর গুরুত্ব দিয়েছেন তিনি।

বিজ্ঞাপন

শনিবার (২৬ সেপ্টেম্বর) সিলেটের একটি হোটেলের হলরুমে সিলেট বিভাগে কর্মরত বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিসের সদস্যদের উদ্দেশে দেওয়া বক্তব্যে এসব নির্দেশনা দেন প্রধান বিচারপতি।

অনুষ্ঠানে সিলেট, হবিগঞ্জ, মৌলভীবাজার ও সুনামগঞ্জের অধস্তন আদালতের বিচারকরা বিচারপ্রার্থীদের দ্রুত ন্যায়বিচার নিশ্চিত করতে বিভিন্ন প্রতিবন্ধকতার কথা তুলে ধরেন। এসব সমস্যার মধ্যে বিচারক ও সহায়ক কর্মচারীর সংকট, বাজেটের সীমাবদ্ধতা এবং অবকাঠামোগত ঘাটতির বিষয়গুলো উঠে আসে।

আরও পড়ুন

বিজ্ঞাপন

প্রধান বিচারপতি এসব বিষয় গুরুত্বের সঙ্গে শুনে সংকট নিরসনে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার আশ্বাস দেন। তিনি বলেন, বিচারপ্রার্থীদের জন্য দ্রুত ও সুসংহত ন্যায়বিচার নিশ্চিত করাই বিচার বিভাগের মূল লক্ষ্য। এ লক্ষ্য পূরণে প্রতিটি কর্মঘণ্টার যথাযথ ব্যবহার এবং সর্বোচ্চ সততা, নিষ্ঠা ও পেশাদারত্বের সঙ্গে দায়িত্ব পালনের ওপর গুরুত্ব দেন তিনি।

মামলার চাপ সামাল দিতে বিভাগীয় শহরগুলোতে প্রয়োজন অনুযায়ী ট্রাইব্যুনালের সংখ্যা বাড়ানোর কথাও বলেন প্রধান বিচারপতি। এ জন্য প্রতিটি বিভাগে জরুরি ভিত্তিতে প্রয়োজনীয় সংখ্যক ট্রাইব্যুনাল ভবন নির্মাণের ওপর গুরুত্বারোপ করেন তিনি।

বিজ্ঞাপন

এ ছাড়া সাক্ষ্য গ্রহণ ও আসামি হাজির করাসহ বিচারিক কার্যক্রমের বিভিন্ন ক্ষেত্রে তথ্যপ্রযুক্তির সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করার নির্দেশ দেন প্রধান বিচারপতি। এ বিষয়ে সুপ্রিম কোর্টের পক্ষ থেকে প্রয়োজনীয় সহযোগিতা দেওয়ার আশ্বাসও দেন তিনি।

আরও পড়ুন

বিজ্ঞাপন

অনুষ্ঠানে মনিটরিং কমিটি ফর সাবঅর্ডিনেট কোর্টসের সিলেট বিভাগের দায়িত্বপ্রাপ্ত বিচারপতি মো. আতাবুল্লাহ এবং সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল মো. হাবিবুর রহমান সিদ্দিকী বক্তব্য দেন।

সিলেট বিভাগের চার জেলার সিনিয়র জেলা ও দায়রা জজ এবং চিফ জুডিশিয়াল/মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটরা বিচার বিভাগের প্রতি জনগণের আস্থা আরও সুদৃঢ় করা এবং মামলা দ্রুত নিষ্পত্তির বিষয়ে নিজেদের অভিজ্ঞতা ও মতামত তুলে ধরেন।

জেবি/এএস

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD