Logo

আজও এমপি গাজী নজরুলের জামিনের পক্ষে মরিয়মের বাবার সমর্থন

profile picture
নিজস্ব প্রতিবেদক
৭ অক্টোবর, ২০২৬, ১৮:৫৫
আজও এমপি গাজী নজরুলের জামিনের পক্ষে মরিয়মের বাবার সমর্থন
ছবি: সংগৃহীত

দ্বিতীয় স্ত্রী মরিয়ম খাতুনের আত্মহত্যার প্ররোচনার মামলায় সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের জামিনের পক্ষে অবস্থান নিয়েছেন মামলার বাদী ও মরিয়মের বাবা এস এম মাসুম বিল্লাহ। বুধবার (৭ অক্টোবর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরিফুল ইসলামের আদালতে জামিন শুনানির সময় তিনি উপস্থিত ছিলেন এবং আসামির জামিনের পক্ষে মত দেন। তবে দীর্ঘ শুনানি শেষে আদালত নজরুলের জামিন আবেদন নামঞ্জুর করেন।

বিজ্ঞাপন

আসামিপক্ষের আইনজীবী মাহবুবুর রহমান বলেন, মরিয়মের পরিবারের সঙ্গে আপস হয়েছে এবং বাদীর জামিনে কোনো আপত্তি নেই। আপসনামা ও আসামির বয়স বিবেচনায় নিয়ে নজরুলকে জামিন দেওয়ার আবেদন করেন তিনি।

তবে রাষ্ট্রপক্ষের আইনজীবী হারুন উর রশিদ জামিনের বিরোধিতা করেন। তিনি বলেন, মরিয়মের মৃত্যুর পর তদন্তে নজরুলের সঙ্গে তার বিয়ের তথ্য পাওয়া যায়। পরে কাবিননামাও উদ্ধার করা হয়। ন্যাম ভবনে মরিয়মকে স্ত্রী হিসেবে যথাযথ মর্যাদা না দিয়ে বারান্দায় রাখা হয়েছিল বলেও অভিযোগ রয়েছে।

রাষ্ট্রপক্ষের বক্তব্য, মামলাটি আপসের মাধ্যমে নিষ্পত্তির সুযোগ নেই। যে ব্যক্তি আপস করেছেন, তাকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করা প্রয়োজন। একই সঙ্গে মামলার বাদী এস এম মাসুম বিল্লাহকেও জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নেওয়ার কথা বলা হয়। আপসের পেছনে অন্য কোনো কারণ রয়েছে কি না, সেটিও খতিয়ে দেখা প্রয়োজন বলে জানায় রাষ্ট্রপক্ষ।

বিজ্ঞাপন

শুনানির একপর্যায়ে আদালত বলেন, আসামি বয়সে প্রবীণ এবং মরিয়ম তুলনামূলক কম বয়সী। তাকে বিয়ের জন্য প্রলুব্ধ বা প্ররোচিত করার বিষয়টিও মামলার তদন্তে গুরুত্ব পাচ্ছে। এ ছাড়া আসামির হেফাজতে থাকা অবস্থায় রাষ্ট্রের গুরুত্বপূর্ণ স্থাপনার কাছে মরিয়মের মৃত্যুর ঘটনা ঘটেছে। এমন পরিস্থিতিতে আসামিকে জামিন দিলে সমাজে নেতিবাচক বার্তা যেতে পারে বলেও আদালত মন্তব্য করেন।

আরও পড়ুন

বিজ্ঞাপন

আদালত জানতে চান, বাদী নিজে উপস্থিত থাকার পরও আপসের পেছনে অন্য কোনো কারণ আছে কি না। জবাবে আসামিপক্ষ জানায়, তারা আপসের মাধ্যমে মামলাটি শেষ করতে চাইছেন না; শুধু জামিন চাওয়া হচ্ছে।

পরে আসামিপক্ষের আইনজীবী জানান, আপসনামা করা আইনগতভাবে সম্ভব এবং বাদীর এতে আপত্তি নেই। তিনি আরও বলেন, আপসকারী ব্যক্তি আসামির ঘনিষ্ঠ আত্মীয়। তবে তার পরিচয় প্রকাশ করতে চাননি তিনি।

শুনানির শেষ দিকে এস এম মাসুম বিল্লাহকে আদালতের সাক্ষীর কাঠগড়ায় দাঁড়াতে দেখা যায়। সেখানেও তিনি নজরুলের জামিনের পক্ষে অবস্থান নেন।

বিজ্ঞাপন

শুনানি শেষে আদালত চত্বর থেকে বের হওয়ার সময় গণমাধ্যমকর্মীরা মাসুম বিল্লাহর বক্তব্য জানতে চাইলে আসামিপক্ষের কয়েকজন আইনজীবী তাকে তাদের কাছ থেকে সরিয়ে নেওয়ার চেষ্টা করেন। পরে তিনি বলেন, তিনি মেয়ের মৃত্যুর বিচার চান। তবে পারিবারিক সম্পর্ক ঠিক রাখার জন্য আপসনামায় স্বাক্ষর করেছেন। মরিয়মের মৃত্যুর ঘটনায় তার শ্যালক তথা মরিয়মের মামা ও আসামি ওবায়দুর রহমানকে বেশি দায়ী করেন বলেও জানান তিনি।

গত ২০ সেপ্টেম্বর সংসদ ভবনের বিপরীতে ন্যাম ভবনের একটি ফ্ল্যাট থেকে মরিয়মের মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় তার বাবা এস এম মাসুম বিল্লাহ বাদী হয়ে গাজী নজরুল ইসলাম, তার প্রথম স্ত্রী মাকসুদা ইসলাম ও মরিয়মের মামা ওবায়দুর রহমানের বিরুদ্ধে আত্মহত্যার প্ররোচনার মামলা করেন।

মামলায় নজরুলকে দুই দফায় মোট আট দিনের রিমান্ডে নেওয়া হয়। ২৮ সেপ্টেম্বর রিমান্ড শেষে তাকে কারাগারে পাঠানো হয়। ৩০ সেপ্টেম্বর নজরুল ও মাকসুদা জামিনের আবেদন করেন। সেদিন মাকসুদা জামিন পেলেও নজরুলের জামিন নামঞ্জুর হয়। বুধবার ফের জামিনের আবেদন করা হলে শুনানি শেষে তা নামঞ্জুর করেন আদালত।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD