Logo

বিএনপি ভোটারদের নির্বাচনে ভোটদানে নিরুৎসাহিত করছে: আরাফাত

profile picture
জনবাণী ডেস্ক
৮ জুলাই, ২০২৩, ০২:১৯
বিএনপি ভোটারদের নির্বাচনে ভোটদানে নিরুৎসাহিত করছে: আরাফাত
ছবি: সংগৃহীত

আমাদের কাজ হলো ভোটারের কাছে গিয়ে তাদের উদ্বুদ্ধ করে ভোটকেন্দ্রে নিয়ে আসা

বিজ্ঞাপন

বিএনপি-জামায়াত নির্বাচনে অংশগ্রহণ না করে ষড়যন্ত্র করছে। তারা সাধারণ ভোটারদের নির্বাচনে ভোটদানে নিরুৎসাহিত করছে বলে মন্তব্য করেছেন ঢাকা-১৭ আসনের উপ-নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী অধ্যাপক মোহাম্মদ এ. আরাফাত।

শুক্রবার (৭ জুলাই) মহাখালীর সাততলা বস্তি এলাকায় নির্বাচনী গণসংযোগকালে তিনি এ কথা বলেন।

বিজ্ঞাপন

এ. আরাফাত বলেন, ঢাকা-১৭ আসনের অন্তর্গত প্রতিটি এলাকায় নৌকা মার্কার জোয়ার বইছে। নির্বাচনে যদি সাধারণ মানুষ সুষ্ঠুভাবে ভোটকেন্দ্রে এসে ভোটাধিকার প্রয়োগ করতে পারেন তাহলে নৌকার বিজয় কেউ ঠেকিয়ে রাখতে পারবে না। আমাদের কাজ হলো ভোটারের কাছে গিয়ে তাদের উদ্বুদ্ধ করে ভোটকেন্দ্রে নিয়ে আসা। 

বিজ্ঞাপন

তিনি বলেন, আমাদের বৃহত্তর রাজনৈতিক লড়াই হচ্ছে স্বাধীনতাবিরোধী ও মুক্তিযুদ্ধবিরোধী অপশক্তির বিরুদ্ধে লড়াই। যারা বাংলাদেশ ও নির্বাচন ব্যবস্থাকে ধ্বংস করতে চায়, আমাদের লড়াই তাদের বিরুদ্ধে। আমরা যে সংকল্প করেছি তা হলো, ঢাকা-১৭ আসনের উপ-নির্বাচনে আমরা বহু সংখ্যক ভোটারদেরকে ভোটকেন্দ্রে উপস্থিত করতে চাই।

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, আওয়ামী লীগকে সবসময় ষড়যন্ত্র করে পরাজিত করা হয়েছে। জনগণকে কখনো আওয়ামী লীগের বিপক্ষে দাঁড় করানো যায়নি। 

বিজ্ঞাপন

এ সময় আরও উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এস এম মান্নান কচি, সহ-সভাপতি এম এ কাদের খান, মো. ওয়াকিল উদ্দিন, ঢাকা মহানগর উত্তর ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাগর আহমেদ শামীমসহ সব অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

জেবি/ আরএইচ/ 

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD