Logo

নির্বাচন কমিশনের নতুন জনসংযোগ পরিচালক আব্দুল মমিন সরকার

profile picture
নিজস্ব প্রতিবেদক
২৬ জুলাই, ২০২৬, ১৮:৫০
নির্বাচন কমিশনের নতুন জনসংযোগ পরিচালক আব্দুল মমিন সরকার
ছবি: সংগৃহীত

নির্বাচন কমিশনের (ইসি) জনসংযোগ শাখায় প্রশাসনিক পরিবর্তন আনা হয়েছে। সংস্থাটির জনসংযোগ পরিচালক (পিআর) হিসেবে দায়িত্ব পেয়েছেন জাতীয় পরিচয়পত্র (এনআইডি) অনুবিভাগের উপসচিব মো. আব্দুল মমিন সরকার। একই সঙ্গে বর্তমান জনসংযোগ পরিচালক রুহুল আমিন মল্লিককে নির্বাচন কমিশন সচিবালয়ে উপসচিব পদে বদলি করা হয়েছে।

বিজ্ঞাপন

রবিবার (২৬ জুলাই) নির্বাচন কমিশনের মানবসম্পদ ব্যবস্থাপনা শাখা থেকে জারি করা এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়। আদেশে সহকারী সচিব (মানবসম্পদ ব্যবস্থাপনা) মোহাম্মদ শাহিদুর রহমান স্বাক্ষর করেন।

আরও পড়ুন

বিজ্ঞাপন

অফিস আদেশ অনুযায়ী, এনআইডি অনুবিভাগে কর্মরত উপসচিব মো. আব্দুল মমিন সরকারকে বদলি করে নির্বাচন কমিশনের জনসংযোগ পরিচালক হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। তিনি এখন থেকে কমিশনের গণমাধ্যম-সংক্রান্ত কার্যক্রম ও জনসংযোগের দায়িত্ব পালন করবেন।

অন্যদিকে, এতদিন জনসংযোগ পরিচালকের দায়িত্বে থাকা রুহুল আমিন মল্লিককে নির্বাচন কমিশন সচিবালয়ে উপসচিব হিসেবে নতুন কর্মস্থলে পদায়ন করা হয়েছে।

সম্প্রতি নির্বাচন কমিশনের জনসংযোগ কার্যক্রম নিয়ে সাংবাদিকদের একটি অংশ অসন্তোষ প্রকাশ করেছিল। সাংবাদিকদের সঙ্গে অসহযোগিতামূলক আচরণের অভিযোগ তুলে দায়ীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়ে নির্বাচন কমিশনের জ্যেষ্ঠ সচিবের কাছে চিঠি দেয় রিপোর্টার্স ফোরাম ফর ইলেকশন অ্যান্ড ডেমোক্রেসি (আরএফইডি)।

বিজ্ঞাপন

আরও পড়ুন

এর কিছুদিনের মধ্যেই কমিশনের জনসংযোগ শাখায় এই প্রশাসনিক রদবদল কার্যকর হলো। তবে বদলির আদেশে এ সিদ্ধান্তের পেছনে কোনো নির্দিষ্ট কারণ উল্লেখ করা হয়নি। নির্বাচন কমিশনের প্রশাসনিক কার্যক্রমের অংশ হিসেবেই এই পদায়ন ও বদলির সিদ্ধান্ত বাস্তবায়ন করা হয়েছে।

জেবি/এএস

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD