গাজী নজরুলের বিষয়ে ব্যবস্থা নিতে স্পিকার-ইসিকে জামায়াতের চিঠি

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে দল থেকে বহিষ্কারের সিদ্ধান্ত জাতীয় সংসদের স্পিকার ও প্রধান নির্বাচন কমিশনারের (সিইসি) কাছে আনুষ্ঠানিকভাবে চিঠির মাধ্যমে জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। একই সঙ্গে এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ারও অনুরোধ জানিয়েছে দলটি।
বিজ্ঞাপন
বৃহস্পতিবার (২৩ জুলাই) প্রধান নির্বাচন কমিশনারের কাছে পাঠানো এক চিঠিতে জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার জানান, গাজী নজরুল ইসলামকে ঘিরে সম্প্রতি বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত সংবাদের পরিপ্রেক্ষিতে দলীয়ভাবে একটি সাংগঠনিক তদন্ত পরিচালনা করা হয়। ওই তদন্তে তার বিরুদ্ধে আনা নৈতিক স্খলনের অভিযোগের সত্যতা পাওয়া যাওয়ায় দলের গঠনতন্ত্রের ৬২ নম্বর ধারা অনুযায়ী তাকে স্থায়ীভাবে বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
চিঠিতে আরও বলা হয়, গত ২২ জুলাই (বুধবার) আমির ডা. শফিকুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের এক জরুরি বৈঠকে সর্বসম্মতিক্রমে এ সিদ্ধান্ত গৃহীত হয়।
আরও পড়ুন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
এ অবস্থায় গাজী নজরুল ইসলামকে দল থেকে বহিষ্কারের বিষয়টি নির্বাচন কমিশনের অবগতি ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য জানানো হয়েছে।
একই চিঠির অনুলিপি জাতীয় সংসদের স্পিকারের কাছেও পাঠানো হয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।
উল্লেখ্য, সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে গাজী নজরুল ইসলামের ব্যক্তিগত মুহূর্তের একটি ভিডিও ছড়িয়ে পড়ার পর বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়। এরপর দলীয় তদন্ত শেষে তার বিরুদ্ধে নৈতিক স্খলনের অভিযোগ প্রমাণিত হয়েছে উল্লেখ করে গত ২২ জুলাই বাংলাদেশ জামায়াতে ইসলামী তাকে দল থেকে বহিষ্কার করে।
বিজ্ঞাপন








