Logo

রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল : স্পিকারের সঙ্গে বৈঠক করবে ইসি

profile picture
নিজস্ব প্রতিবেদক
২৬ জুলাই, ২০২৬, ১৬:০৬
রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল : স্পিকারের সঙ্গে বৈঠক করবে ইসি
ছবি: সংগৃহীত

রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল ঘোষণার প্রস্তুতির অংশ হিসেবে খুব শিগগিরই জাতীয় সংসদের স্পিকারের সঙ্গে সাক্ষাতের জন্য সময় চাইবে নির্বাচন কমিশন (ইসি)। স্পিকারের সঙ্গে বৈঠকের পরই তফসিল ঘোষণাসহ পরবর্তী কার্যক্রম চূড়ান্ত করা হবে বলে জানিয়েছে কমিশন।

বিজ্ঞাপন

রবিবার (২৬ জুলাই) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনে প্রধান নির্বাচন কমিশনারের (সিইসি) কার্যালয়ে বৈঠক শেষে সাংবাদিকদের এ তথ্য জানান ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ।

তিনি বলেন, রাষ্ট্রপতি নির্বাচন প্রক্রিয়ার ধারাবাহিকতায় স্পিকারের সঙ্গে নির্বাচন কমিশনের একটি আনুষ্ঠানিক বৈঠক প্রয়োজন। এজন্য দ্রুতই স্পিকারের কাছে সাক্ষাতের সময় চেয়ে বার্তা পাঠানো হবে। বৈঠক শেষে তফসিল ঘোষণার বিষয়ে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।

আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

নিয়ম অনুযায়ী, রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল ঘোষণার আগে প্রধান নির্বাচন কমিশনার স্পিকারের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। সেই ধারাবাহিকতায় সিইসি এ এম এম নাসির উদ্দিন ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে সাক্ষাৎ করবেন।

এদিকে রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল ঘোষণার বিষয়ে রোববার প্রধান নির্বাচন কমিশনারের কার্যালয়ে নির্বাচন কমিশনারদের সঙ্গে সিনিয়র সচিবের একটি বৈঠক অনুষ্ঠিত হয়। সেখানে রাষ্ট্রপতি নির্বাচন-সংক্রান্ত আইন ও প্রয়োজনীয় প্রশাসনিক প্রস্তুতি পর্যালোচনা করা হয়। বৈঠকে স্পিকারের সঙ্গে আলোচনার পর পরবর্তী কার্যক্রম এগিয়ে নেওয়ার সিদ্ধান্ত হয়।

সংবিধান ও প্রচলিত বিধান অনুযায়ী, সংসদ সদস্যদের ভোটে রাষ্ট্রপতি নির্বাচিত হন। এ জন্য জাতীয় সংসদ সচিবালয় থেকে সংসদ সদস্যদের তালিকা নির্বাচন কমিশনে পাঠানো হবে। সেই তালিকার ভিত্তিতে ভোটার তালিকা প্রস্তুত করে রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল ঘোষণা করবে নির্বাচন কমিশন। এ বিষয়ে প্রয়োজনীয় সমন্বয়ের জন্য স্পিকারের সঙ্গে কমিশনের বৈঠক অনুষ্ঠিত হবে।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD