Logo

আগস্টে তফসিল, অক্টোবরে শুরু হতে পারে স্থানীয় সরকার নির্বাচন

profile picture
নিজস্ব প্রতিবেদক
২২ জুলাই, ২০২৬, ২০:০৪
আগস্টে তফসিল, অক্টোবরে শুরু হতে পারে স্থানীয় সরকার নির্বাচন
ছবি: সংগৃহীত

আগামী অক্টোবর থেকে ধাপে ধাপে স্থানীয় সরকার নির্বাচন আয়োজনের প্রস্তুতি নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। এ লক্ষ্যে প্রথম ধাপের নির্বাচনের তফসিল আগামী আগস্টে ঘোষণা করা হতে পারে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার মো. আনোয়ারুল ইসলাম সরকার।

বিজ্ঞাপন

বুধবার (২২ জুলাই) বিকেলে নির্বাচন কমিশন কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ তথ্য জানান।

নির্বাচন কমিশনার বলেন, যেসব স্থানীয় সরকার প্রতিষ্ঠানে দীর্ঘদিন ধরে জনপ্রতিনিধি নেই এবং যেগুলোর মেয়াদ ইতোমধ্যে শেষ হয়েছে, সেসব এলাকাকে প্রথম ধাপের নির্বাচনে অগ্রাধিকার দেওয়া হবে। আইনশৃঙ্খলা পরিস্থিতি বিবেচনায় প্রয়োজন হলে উপজেলা পরিষদ ও ইউনিয়ন পরিষদের নির্বাচন একসঙ্গেও আয়োজন করা হতে পারে।

তিনি জানান, আপাতত স্থানীয় সরকার নির্বাচনে প্রবাসী ভোটারদের জন্য ডাকযোগে (পোস্টাল ব্যালট) ভোট দেওয়ার সুযোগ রাখা হচ্ছে না। এছাড়া প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা নির্ধারণের বিষয়ে এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। আদালতের নির্দেশনা এবং প্রতিবেশী দেশগুলোর আইনি কাঠামো পর্যালোচনা করে এ বিষয়ে পরবর্তী সময়ে সিদ্ধান্ত নেওয়া হবে।

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

মো. আনোয়ারুল ইসলাম সরকার বলেন, প্রস্তাবিত আইন সংশোধনের কারণে নির্বাচন পিছিয়ে যাওয়ার কোনো আশঙ্কা নেই। বিদ্যমান আইনেই অবাধ ও সুষ্ঠু নির্বাচন আয়োজন সম্ভব। জাতীয় সংসদ নির্বাচনের অভিজ্ঞতার ভিত্তিতে কিছু পর্যবেক্ষণ ও সংশোধনী প্রস্তাব পাঠানো হচ্ছে, যাতে সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে অস্পষ্টতা দূর করা যায়।

তিনি আরও বলেন, সংশোধিত আইন কার্যকর হলে তা অনুসরণ করা হবে। অন্যথায় বর্তমান আইনেই নির্ধারিত সময়ে নির্বাচন অনুষ্ঠিত হবে। এ ছাড়া নির্বাচনী আচরণবিধির পর্যালোচনার কাজ প্রায় শেষ হয়েছে এবং শিগগিরই তা চূড়ান্ত অনুমোদনের জন্য আইন মন্ত্রণালয়ে পাঠানো হবে।

বিজ্ঞাপন

স্থানীয় সরকার নির্বাচনে সহিংসতা প্রতিরোধে কঠোর নজরদারির ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান নির্বাচন কমিশনার। একই সঙ্গে সিটি করপোরেশনের প্রশাসকদের নির্বাচনে অংশগ্রহণের বিষয়ে বিদ্যমান আইনি অস্পষ্টতা দূর করতে কমিশন প্রয়োজনীয় পদক্ষেপ নেবে বলেও তিনি উল্লেখ করেন।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD