Logo

বহিষ্কার হওয়া এমপি নজরুলের আসন শূন্য হওয়া নিয়ে যা বলল ইসি

profile picture
নিজস্ব প্রতিবেদক
২২ জুলাই, ২০২৬, ১৮:৩৮
বহিষ্কার হওয়া এমপি নজরুলের আসন শূন্য হওয়া নিয়ে যা বলল ইসি
ছবি: সংগৃহীত

বাংলাদেশ জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে ঘিরে সংসদীয় আসন শূন্য হওয়ার প্রশ্নে নির্বাচন কমিশনের অবস্থান তুলে ধরেছেন নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম সরকার। তিনি বলেছেন, দলীয় সিদ্ধান্তে কোনো সংসদ সদস্য বহিষ্কৃত হলে আইনগত প্রক্রিয়া অনুযায়ী তার আসন শূন্য হওয়ার বিষয়টি বিবেচনায় আসতে পারে।

বিজ্ঞাপন

বুধবার (২২ জুলাই) এ বিষয়ে এক প্রতিক্রিয়ায় নির্বাচন কমিশনার জানান, জাতীয় সংসদ নির্বাচনে কোনো রাজনৈতিক দলের মনোনয়নে নির্বাচিত প্রতিনিধি পরবর্তীতে দল থেকে আনুষ্ঠানিকভাবে বহিষ্কৃত হলে তার সংসদ সদস্য পদ বহাল থাকবে কি না, তা আইন ও সংবিধানের আলোকে নির্ধারিত হবে।

তিনি বলেন, দলীয় মনোনয়নে নির্বাচিত জনপ্রতিনিধিদের রাজনৈতিক ও আইনগত ভিত্তি মূলত সংশ্লিষ্ট দলের ওপর নির্ভরশীল। ফলে কোনো দল আনুষ্ঠানিকভাবে সদস্যকে বহিষ্কার করে এবং তার মনোনয়ন প্রত্যাহার বা বাতিল করলে, আইনগতভাবে আসন শূন্য হওয়ার বিষয়টি স্বাভাবিক প্রক্রিয়ার অংশ হতে পারে।

তবে এ বিষয়ে এখনো নির্বাচন কমিশনের কাছে সংশ্লিষ্ট দলের কোনো আনুষ্ঠানিক চিঠি বা নথি পৌঁছায়নি বলেও জানান তিনি।

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

নির্বাচন কমিশনার বলেন, নির্বাচন কমিশনের নিজস্ব বিধি-বিধান ও উপনির্বাচন সংক্রান্ত নির্ধারিত প্রক্রিয়া রয়েছে। প্রয়োজনীয় কাগজপত্র পাওয়ার পর সংবিধান, প্রচলিত আইন ও বিধিমালা পর্যালোচনা করে কমিশন আনুষ্ঠানিক সিদ্ধান্ত নেবে।

তিনি আরও বলেন, অনুমান বা অনানুষ্ঠানিক তথ্যের ভিত্তিতে কমিশনের অবস্থান জানানো সমীচীন নয়। লিখিত নথি পাওয়ার পর আইনের আলোকে বিষয়টি যাচাই-বাছাই করে প্রয়োজনীয় সিদ্ধান্ত নেওয়া হবে। এরপর প্রয়োজন হলে আসন শূন্য ঘোষণা এবং উপনির্বাচনের সময়সূচি সম্পর্কে কমিশন জানাবে।

উল্লেখ্য, নৈতিক স্খলনের অভিযোগ প্রমাণিত হওয়ায় বুধবার বাংলাদেশ জামায়াতে ইসলামী সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে দল থেকে বহিষ্কারের ঘোষণা দেয়। দলের কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের সেক্রেটারি এহসানুল মাহবুব জুবায়ের স্বাক্ষরিত এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD