নতুন কুঁড়ির প্রথম আসরের পর্দা নামছে সোমবার, পুরস্কার দেবেন প্রধানমন্ত্রী

দেশব্যাপী আয়োজিত ‘নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৫-২০২৬’-এর প্রথম আসরের পর্দা নামছে আগামী সোমবার। রাজধানীর আর্মি স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে জাতীয় পর্বের গ্র্যান্ড ফাইনাল ও বর্ণাঢ্য সমাপনী অনুষ্ঠান। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সমাপনী অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক।
বিজ্ঞাপন
সোমবার বিকেল সাড়ে ৩টায় শুরু হওয়া অনুষ্ঠানে দেশের ক্ষুদে ক্রীড়াবিদদের উৎসাহ দিতে মাঠের বিভিন্ন কার্যক্রমে সরাসরি অংশ নেবেন প্রধানমন্ত্রী। বিকেল ৪টায় আর্মি স্টেডিয়ামে পৌঁছে তিনি রাজশাহী ও রংপুর অঞ্চলের মধ্যে অনুষ্ঠিত বালিকা ফুটবল ফাইনালের দ্বিতীয়ার্ধ উপভোগ করবেন।
ফুটবল ফাইনালের পর অনুষ্ঠিত হবে বালক ও বালিকা বিভাগের ১০০ মিটার স্প্রিন্টের চূড়ান্ত প্রতিযোগিতা। এরপর প্রদর্শিত হবে প্রতিযোগিতা নিয়ে নির্মিত প্রামাণ্যচিত্র। পাশাপাশি থিম সংয়ের সঙ্গে শিশু শিল্পীদের নৃত্য পরিবেশনাও উপভোগ করবেন অতিথিরা।
অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর দিকনির্দেশনামূলক বক্তব্যের পর বিভিন্ন ডিসিপ্লিনে বিজয়ী ক্ষুদে ক্রীড়াবিদদের হাতে পুরস্কার তুলে দেওয়া হবে। পরে বিজয়ীদের সঙ্গে আনুষ্ঠানিক ফটোসেশনেও অংশ নেবেন অতিথিরা।
বিজ্ঞাপন
আরও পড়ুন
বিজ্ঞাপন
গত ২ মে সিলেট জেলা স্টেডিয়ামে প্রধানমন্ত্রী এই ক্রীড়া প্রতিযোগিতার আঞ্চলিক পর্বের উদ্বোধন করেন। দেশের বিভিন্ন উপজেলা ও জেলা থেকে ১২ থেকে ১৪ বছর বয়সী প্রায় ১ লাখ ৭০ হাজার শিশু-কিশোর ফুটবল, ক্রিকেট, কাবাডি, অ্যাথলেটিক্স, ব্যাডমিন্টন, দাবা, সাঁতার ও মার্শাল আর্ট—এই আটটি ডিসিপ্লিনে অংশ নেয়।
আঞ্চলিক পর্ব শেষে গত ২০ জুলাই ঢাকার বিভিন্ন ভেন্যুতে জাতীয় পর্ব শুরু হয়। এতে দেশের ১০টি অঞ্চল থেকে প্রায় ১ হাজার ৭০০ ক্রীড়াবিদ ও কর্মকর্তা অংশগ্রহণ করেন।
বিজ্ঞাপন
যুব ও ক্রীড়া মন্ত্রণালয় জানিয়েছে, প্রতিযোগিতায় অসাধারণ নৈপুণ্য দেখানো খেলোয়াড়দের ইতোমধ্যে বিশেষ তালিকাভুক্ত করা হয়েছে। নির্বাচিত এসব ক্ষুদে প্রতিভাকে বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান (বিকেএসপি)-এর বিভিন্ন শাখায় প্রশিক্ষণের মাধ্যমে আন্তর্জাতিক মানের ক্রীড়াবিদ হিসেবে গড়ে তোলা হবে।
মন্ত্রণালয়ের মতে, এই উদ্যোগের অন্যতম লক্ষ্য হলো শিশু-কিশোরদের ডিজিটাল গ্যাজেটের আসক্তি থেকে দূরে রেখে আবারও খেলাধুলার মাঠমুখী করে তোলা।








