বাংলাদেশে বিনিয়োগে আগ্রহী বহু দেশ: প্রতিমন্ত্রী শামা ওবায়েদ

বাংলাদেশে বিনিয়োগে আন্তর্জাতিক আগ্রহ বাড়ছে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। তার ভাষ্য, চীন, জাপান, যুক্তরাষ্ট্রসহ বিশ্বের বিভিন্ন দেশ ইতোমধ্যে বাংলাদেশের বিভিন্ন খাতে বিনিয়োগের আগ্রহ প্রকাশ করেছে এবং এ বিষয়ে আলোচনা ও যোগাযোগ অব্যাহত রয়েছে।
বিজ্ঞাপন
রবিবার (২৬ জুলাই) পররাষ্ট্র মন্ত্রণালয়ে বাণিজ্য, প্রবৃদ্ধি ও অর্থনৈতিক কূটনীতি বিষয়ক রোডম্যাপ নিয়ে আয়োজিত এক সংলাপ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
প্রতিমন্ত্রী জানান, বিভিন্ন দেশের বিনিয়োগকারী প্রতিষ্ঠান ইতোমধ্যে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা) এবং বাণিজ্য মন্ত্রণালয়ের সঙ্গে নিয়মিত যোগাযোগ করছে। তারা দেশের বিভিন্ন সম্ভাবনাময় খাতে বিনিয়োগের সুযোগ যাচাই করছে এবং এ নিয়ে আলোচনা এগিয়ে চলছে।
আরও পড়ুন
বিজ্ঞাপন
তিনি বলেন, চীন, জাপান, যুক্তরাষ্ট্রসহ একাধিক দেশের সঙ্গে বিনিয়োগ বিষয়ে ইতিবাচক আলোচনা হচ্ছে। বিনিয়োগ কার্যক্রম একটি চলমান প্রক্রিয়া উল্লেখ করে তিনি বলেন, এটি কোনো নির্দিষ্ট দিনক্ষণ নির্ভর বিষয় নয়; বরং প্রয়োজনীয় প্রস্তুতি ও প্রক্রিয়া অনুসরণ করেই বিনিয়োগ বাস্তবায়িত হয়।
বিজ্ঞাপন
বিনিয়োগের পথে বিদ্যমান চ্যালেঞ্জ সম্পর্কে এক প্রশ্নের জবাবে শামা ওবায়েদ ইসলাম বলেন, দেশি-বিদেশি বিনিয়োগকারীদের কিছু বাস্তব সমস্যা রয়েছে। বিশেষ করে প্রবাসী বাংলাদেশিরা দেশে বিনিয়োগ করতে গিয়ে বিভিন্ন ধরনের জটিলতার মুখোমুখি হন। সরকার এসব প্রতিবন্ধকতা চিহ্নিত করে ধাপে ধাপে সমাধানের উদ্যোগ নিচ্ছে।
তিনি আরও বলেন, বর্তমান সরকার এমন একটি অর্থনৈতিক কাঠামো পেয়েছে, যেখানে দীর্ঘদিনের নানা সমস্যার কারণে ব্যাংকিং খাত, পুঁজিবাজার এবং অর্থনৈতিক ব্যবস্থায় দুর্বলতা তৈরি হয়েছে। এসব খাতকে পুনরুজ্জীবিত করে একটি গতিশীল অর্থনীতি গড়ে তুলতে প্রয়োজনীয় সংস্কার ও নীতিগত পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে।
সরকার কোন কোন খাতকে বিনিয়োগের জন্য অগ্রাধিকার দিচ্ছে—এমন প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী বলেন, জ্বালানি খাতের পাশাপাশি টেক্সটাইল, তৈরি পোশাক শিল্প, কৃষি এবং কৃষিভিত্তিক শিল্পে বিনিয়োগ বাড়ানোর ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে।
বিজ্ঞাপন
তিনি জানান, সৃজনশীল অর্থনীতি, কুটিরশিল্প, শিল্প-সংস্কৃতি এবং প্রান্তিক জনগোষ্ঠীকে ঘিরেও নতুন বিনিয়োগের সুযোগ তৈরির চেষ্টা চলছে। একই সঙ্গে খেলাধুলা বা ক্রীড়া খাতেও বিপুল বিনিয়োগ সম্ভাবনা রয়েছে বলে তিনি উল্লেখ করেন।
আরও পড়ুন
বিজ্ঞাপন
শামা ওবায়েদ ইসলাম বলেন, ক্রীড়া কূটনীতিকে কাজে লাগিয়ে আন্তর্জাতিক বিনিয়োগ আকৃষ্ট করার চেষ্টা করছে পররাষ্ট্র মন্ত্রণালয়। পাশাপাশি দেশের সাংস্কৃতিক খাতেও বিদেশি বিনিয়োগের নতুন সুযোগ সৃষ্টি করতে বিভিন্ন উদ্যোগ নেওয়া হচ্ছে।
ব্লু ইকোনমি প্রসঙ্গে তিনি বলেন, সামুদ্রিক অর্থনীতি সরকারের অন্যতম অগ্রাধিকার। এ খাতে বিনিয়োগ বাড়াতে বিভিন্ন ইউরোপীয় দেশ আগ্রহ প্রকাশ করেছে। বাংলাদেশের সমুদ্রসম্পদ ব্যবহারের মাধ্যমে অর্থনৈতিক প্রবৃদ্ধি ত্বরান্বিত করার উল্লেখযোগ্য সম্ভাবনা রয়েছে বলেও তিনি মন্তব্য করেন।








