Logo

পুশইন বন্ধে ভারতকে ১২-১৩টি চিঠি দিয়েছে সরকার: শামা ওবায়েদ

profile picture
নিজস্ব প্রতিবেদক
৮ জুন, ২০২৬, ১৬:৪০
পুশইন বন্ধে ভারতকে ১২-১৩টি চিঠি দিয়েছে সরকার: শামা ওবায়েদ
শামা ওবায়েদ ইসলাম | ফাইল ছবি

সীমান্ত দিয়ে অবৈধভাবে লোকজনকে বাংলাদেশে ঠেলে পাঠানোর ঘটনা বা ‘পুশইন’ ইস্যুতে সরকার কঠোর অবস্থানে রয়েছে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম।

বিজ্ঞাপন

তিনি বলেছেন, সীমান্তে এ ধরনের প্রচেষ্টা বাংলাদেশ বর্ডার গার্ড (বিজিবি) দৃঢ়ভাবে প্রতিহত করছে। পাশাপাশি বিষয়টি নিয়ে ভারত সরকারকে ১২ থেকে ১৩টি আনুষ্ঠানিক চিঠি পাঠিয়েছে বাংলাদেশ।

সোমবার (৮ জুন) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব তথ্য তুলে ধরেন।

প্রতিমন্ত্রী বলেন, কোনো ব্যক্তি অবৈধভাবে অন্য দেশে অবস্থান করলে তাকে ফেরত পাঠানোর জন্য আন্তর্জাতিকভাবে স্বীকৃত একটি নির্দিষ্ট প্রক্রিয়া রয়েছে। সেই নিয়ম অনুসরণ করেই ভারতকে পদক্ষেপ নিতে হবে।

বিজ্ঞাপন

তিনি বলেন, যথাযথ যাচাই-বাছাই এবং দুই দেশের মধ্যে প্রচলিত প্রক্রিয়া অনুসরণ না করে কাউকে সীমান্ত দিয়ে বাংলাদেশে পাঠানোর চেষ্টা গ্রহণযোগ্য নয়। এ ধরনের কর্মকাণ্ড দুই দেশের মধ্যে বিদ্যমান কূটনৈতিক সম্পর্ক এবং পারস্পরিক আস্থার ওপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে বলেও মন্তব্য করেন তিনি।

শামা ওবায়েদ ইসলাম আরও বলেন, বাংলাদেশ বিষয়টি অত্যন্ত গুরুত্বের সঙ্গে পর্যবেক্ষণ করছে এবং কূটনৈতিক চ্যানেলের মাধ্যমে ভারতকে বারবার উদ্বেগের কথা জানানো হয়েছে। সীমান্ত পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং ভবিষ্যতে এমন ঘটনা এড়াতে সরকার প্রয়োজনীয় সব ধরনের উদ্যোগ গ্রহণ করছে।

বিজ্ঞাপন

সাম্প্রতিক সময়ে সীমান্ত এলাকায় পুশইনের অভিযোগ বাড়ার পর দেশের বিভিন্ন সীমান্ত অঞ্চলে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। বিশেষ করে নারী ও শিশুসহ বিভিন্ন ব্যক্তিকে সীমান্ত দিয়ে বাংলাদেশে ঠেলে পাঠানোর সম্ভাবনা ঠেকাতে সীমান্তবর্তী ২৬টি জেলায় অতিরিক্ত বিজিবি সদস্য মোতায়েন করা হয়েছে।

সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, মোতায়েনকৃত সদস্যরা দিনরাত ২৪ ঘণ্টা সীমান্ত এলাকায় টহল ও নজরদারি কার্যক্রম পরিচালনা করছেন। সীমান্ত সংলগ্ন এলাকার স্থানীয় বাসিন্দারাও এ কাজে সহযোগিতা করছেন। ফলে সীমান্তের পরিস্থিতি নিবিড় পর্যবেক্ষণের আওতায় রাখা হয়েছে।

বিজ্ঞাপন

এদিকে সীমান্ত ব্যবস্থাপনা ও দ্বিপক্ষীয় বিভিন্ন ইস্যু নিয়ে বাংলাদেশ ও ভারতের সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে গুরুত্বপূর্ণ বৈঠক শুরু হয়েছে। সোমবার থেকে ভারতের রাজধানী নয়াদিল্লিতে বিজিবি ও বিএসএফের মধ্যে ৫৭তম মহাপরিচালক পর্যায়ের সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে, যা আগামী ১১ জুন পর্যন্ত চলবে।

বিজিবি সূত্রে জানা গেছে, সম্মেলনের আলোচ্যসূচিতে অবৈধ পুশইন, সীমান্তে বাংলাদেশি নাগরিক নিহত হওয়ার ঘটনা, সীমান্ত নিরাপত্তা, চোরাচালান প্রতিরোধ এবং সীমান্ত ব্যবস্থাপনার বিভিন্ন বিষয় বিশেষ গুরুত্ব পাচ্ছে।

জেবি/এএস

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD