মন্ত্রী ও প্রতিমন্ত্রীর এপিএস-পিএসদের মূল বেতন নির্ধারণ

মন্ত্রী, প্রতিমন্ত্রী ও সমমর্যাদাসম্পন্ন ব্যক্তিদের সহকারী একান্ত সচিব (এপিএস) এবং উপমন্ত্রী ও সমমর্যাদার ব্যক্তিদের একান্ত সচিবদের (পিএস) মূল বেতন পুনর্নির্ধারণ করেছে অর্থ বিভাগ। সরকারি চাকরির বাইরে থেকে নিয়োগপ্রাপ্তদের ক্ষেত্রে এখন থেকে তাদের মূল বেতন হবে ৩২ হাজার ৫৪০ টাকা।
বিজ্ঞাপন
এর আগে এসব পদে নিয়োগপ্রাপ্তরা জাতীয় বেতন স্কেল-২০১৫ অনুযায়ী নবম গ্রেডে বেতন পেতেন, যেখানে মূল বেতন ছিল ২২ হাজার টাকা। নতুন সিদ্ধান্তের ফলে তাদের মূল বেতনে উল্লেখযোগ্য বৃদ্ধি ঘটল।
সম্প্রতি এ বিষয়ে সিদ্ধান্ত জানিয়ে অর্থ বিভাগ জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিবের কাছে চিঠি পাঠিয়েছে। এর আগে গত ৩১ মার্চ এ বিষয়ে মতামত চেয়ে অর্থ বিভাগে চিঠি দিয়েছিল জনপ্রশাসন মন্ত্রণালয়।
বিজ্ঞাপন
অর্থ বিভাগের চিঠিতে বলা হয়েছে, জনপ্রশাসন মন্ত্রণালয়ের মাধ্যমে অস্থায়ী ভিত্তিতে সরকারি চাকরির বাইরে থেকে নিয়োগ পাওয়া মন্ত্রী ও প্রতিমন্ত্রীর সহকারী একান্ত সচিব এবং উপমন্ত্রীর একান্ত সচিবদের বেতন জাতীয় বেতন স্কেল-২০১৫-এর নবম গ্রেডের অষ্টম ধাপ অনুযায়ী ৩২ হাজার ৫৪০ টাকা নির্ধারণে সম্মতি দেওয়া হয়েছে।
তবে এ বেতন কাঠামোর সঙ্গে কয়েকটি শর্তও যুক্ত করা হয়েছে। নির্ধারিত মূল বেতনের বাইরে কোনো বার্ষিক বেতন বৃদ্ধি প্রযোজ্য হবে না। বিধি অনুযায়ী অন্যান্য ভাতা পাওয়া যাবে, তবে পেনশন, আনুতোষিক বা ভবিষ্য তহবিলের সুবিধা প্রযোজ্য হবে না।
বিজ্ঞাপন
অর্থ বিভাগ আরও জানিয়েছে, এই বেতন কাঠামো কেবলমাত্র সরকারি চাকরির বাইরে থেকে নিয়োগপ্রাপ্ত এপিএস ও পিএসদের জন্য প্রযোজ্য হবে।








