মস্কোয় বাংলাদেশ-রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক আজ

রাশিয়ার রাজধানী মস্কোতে আজ (৮ জুন) বাংলাদেশ ও রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রীদের মধ্যে গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হবে। রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভের সঙ্গে বৈঠকে বসবেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান। পররাষ্ট্রমন্ত্রী হিসেবে এটি খলিলুর রহমানের প্রথম রাশিয়া সফর। তিনি গত ৭ জুন মস্কো পৌঁছান।
বিজ্ঞাপন
ঢাকায় রাশিয়ার দূতাবাসের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, বৈঠকে দুই দেশের বিদ্যমান সম্পর্ক, ভবিষ্যৎ সহযোগিতার সম্ভাবনা এবং আঞ্চলিক ও আন্তর্জাতিক বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হবে। সফরের অংশ হিসেবে রাশিয়ার ফেডারেল অ্যাসেম্বলির ফেডারেশন কাউন্সিলের শীর্ষ নেতৃত্বের সঙ্গেও বৈঠক করবেন তিনি।
বাংলাদেশ ও রাশিয়ার মধ্যে দীর্ঘদিনের কৌশলগত সম্পর্ক রয়েছে। ১৯৭২ সালে বাংলাদেশের স্বাধীনতাকে স্বীকৃতি দেওয়া প্রথম দেশগুলোর অন্যতম ছিল রাশিয়া। স্বাধীনতার পর চট্টগ্রাম বন্দরের জলসীমা থেকে ডুবে যাওয়া জাহাজ ও মাইন অপসারণেও তৎকালীন সোভিয়েত ইউনিয়ন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
বিজ্ঞাপন
দুই দেশের মধ্যে বর্তমানে নিয়মিত রাজনৈতিক সংলাপ ও উচ্চপর্যায়ের যোগাযোগ অব্যাহত রয়েছে। গত বছর চীনে অনুষ্ঠিত বোয়াও ফোরাম ফর এশিয়ায় রাশিয়ার উপ-প্রধানমন্ত্রীর সঙ্গে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের বৈঠক অনুষ্ঠিত হয়েছিল।
দ্বিপাক্ষিক বাণিজ্যের পরিমাণ দীর্ঘদিন ধরেই ২ বিলিয়ন ডলারের বেশি। রাশিয়া বাংলাদেশে প্রধানত শিল্প সরঞ্জাম, গম ও খনিজ সার রপ্তানি করে। অন্যদিকে বাংলাদেশ থেকে তৈরি পোশাক ও সামুদ্রিক পণ্য আমদানি করে দেশটি।








