Logo

বিএনপি জন্ম থেকেই সাংবাদিক বান্ধব দল: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

profile picture
উপজেলা প্রতিনিধি
সালথা, ফরিদপুর
১৩ জুন, ২০২৬, ১৩:৪১
বিএনপি জন্ম থেকেই  সাংবাদিক বান্ধব দল: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
ছবি প্রতিনিধি।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম রিংকু বলেছেন, সাংবাদিকতা পেশা অত্যন্ত গুরুত্বপূর্ণ পবিত্র পেশা, আপনারা যেমন সংবাদ প্রকাশ করতে পারেন আবার অনেক সাংবাদিক অনেক সংবাদপত্রে ভুল তথ্য দিয়ে সংবাদ পরিবেশন করছেন। অনেক সময় এআই ব্যবহার করে বিরোধী মতকে ভুলভাবে প্রকাশ করা হচ্ছে। সেগুলোর বিরুদ্ধে বিএনপি সরকার সোচ্চার আছে। সুতরাং আমাদের মিথ্যা সংবাদ পরিবেশন থেকে বিরত থাকতে হবে।

বিজ্ঞাপন

তিনি বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) জন্ম থেকেই সাংবাদিক বান্ধব দল। আমরা সব সময় সংবাদপত্রের স্বাধিনতা ও মতপ্রকাশের স্বাধিনতায় বিশ্বাস করি। তবে মিথ্যা সংবাদ পরিবেশন থেকে সাংবাদিকদের বিরত থাকতে হবে।

শুক্রবার (১২ জুন) বিকেলে নিজ নির্বাচনী এলাকা ফরিদপুরের সালথা প্রেসক্লাবের ভবন উদ্বোধন শেষে প্রেসক্লাব মিলনায়তনে তাকে দেওয়া এক সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, বিভিন্ন অঞ্চলের সাংবাদিকরা স্বৈরাচার দ্বারা মতপ্রকাশ ও সঠিক সংবাদ পরিবেশন করতে গিয়ে নির্যাতিত হয়েছে। অনেকেই এলাকা ছেড়ে চলে গেছে। অনেকেই দেশ ছেড়ে যেতে বাধ্য হয়েছে। অনেকে আহত ও নিহত হয়েছে। অনেকের পরিবার অনেক কষ্ট থেকেছে ১৭-১৮ বছর। এই সকল সাংবাদিককে আমি স্মরণ করছি। আপনারা যারা সাংবাদিকরা বিগত দিনে অত্যন্ত অত্যাচারের মধ্যে থেকেও সত্য সংবাদটি সাহসের সাথে পরিবেশন করেছেন, তাদের এই সাহসিকতার জন্য অবশ্যই সাধুবাদ জানাচ্ছি।

বিগত ১৭ বছর সাংবাদিকরা গুলি উপেক্ষা করে নির্ভয়ে সংবাদ পরিবেশন করেছেন। তৎকালীন বিএনপি পাশে দাঁড়িয়েছেন। উনারা যদি সঠিক সংবাদ পরিবেশন না করতেন তাহলে সারাদেশের মানুষ জানত না স্বৈরাচারের দ্বারা মানুষ কি ধরনের নির্যাতনের শিকার হচ্ছেন।

বিএনপির এই নেত্রী বলেন, ৫ আগস্টে যে অত্যাচার নির্যাতন চালানো হয়েছিল, সেই সংবাদটি সাংবাদিকরা সুষ্ঠুভাবে পরিবেশন করেছিলেন। বিভিন্ন আন্দোলন সংগ্রামের সংবাদ পরিবেশন করেছেন। বিভিন্ন সময়ে বিভিন্ন ইউনিয়ন উপজেলা গ্রামে আমাদের নেতাকর্মীরা নির্যাতিত হয়েছেন সেই সংবাদ পরিবেশন করেছেন। এজন্য দলের পক্ষ থেকে আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা জানাতে চাই।

বিজ্ঞাপন

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হাত ধরেই বাকশালকে বিতাড়িত করে বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা হয়েছিল। বিগত একটা সময়ে প্রত্যেকটা সংবাদপত্র বন্ধ করে দিয়েছিল। তখন তিনি সকল সংবাদপত্রকে খুলে দিয়েছিলেন। সকল সাংবাদিককেও স্বাধীনভাবে মতপ্রকাশ ও সংবাদ পরিবেশনে স্বাধীনতা দিয়েছিলেন। শহীদ জিয়ার সেই দল ১৭ বছর আন্দোলনের পর একটি সুষ্ঠু ভোটের মাধ্যমে সরকারে এসেছে।

এর আগে ফিতা কেটে ও দোয়ার মধ্য দিয়ে প্রেসক্লাবের ভবনের উদ্বোধন করেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম । পরে প্রেসক্লাবের পক্ষ থেকে তাকে ক্রেস্ট ও ফুলের শুভেচ্ছা জানিয়ে সংবর্ধনা দেওয়া হয়।

বিজ্ঞাপন

সালথা প্রেসক্লাবের সভাপতি মো. নুরুল ইসলাম নাহিদের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক মো. সাইফুল ইসলামের সঞ্চালনায় এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন,সালথা উপজেলা নির্বাহী কর্মকর্তা দবির উদ্দিন, সহকারী পুলিশ সুপার (নগরকান্দা- সার্কেল) মুহাম্মদ আল ফাহাদ, উপজেলা সহকারী কমিশনার (ভূমি), মামুন সরকার, সালথা থানার ওসি বাবলুর রহমান খান, ঢাকা সাব-এডিটর কাউন্সিলের ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক নাহিদ হাসান, উপজেলা বিএনপির সাবেক সভাপতি সিদ্দিকুর রহমান তালুকদার,সাবেক সহসভাপতি শাহিন মাতু্ব্বর, উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান আসাদ মাতুব্বর, যুগ্ন সাধারন সম্পাদক খন্দকার খায়রুল বাসার আজাদ, বিশিষ্ট ব্যবসায়ী মো. আতাউর রহমান সহ প্রেসক্লাবের সাংবাদিক ও বিএনপির নেতাকর্মীবৃন্দ।

জেবি/এসডি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD