Logo

শ্রমিকদের আন্দোলনে অর্থায়নে সালমান এফ রহমান-টিপু মুনশির নাম

profile picture
নিজস্ব প্রতিবেদক
৫ নভেম্বর, ২০২৬, ১৭:২৪
শ্রমিকদের আন্দোলনে অর্থায়নে সালমান এফ রহমান-টিপু মুনশির নাম
ছবি: সংগৃহীত

পোশাকশ্রমিকদের আন্দোলনে অর্থ ও জনবল দিয়ে সহায়তার অভিযোগে সাবেক মন্ত্রী, সংসদ সদস্য, ব্যবসায়ী এবং বিভিন্ন প্রতিষ্ঠানের ব্যাংক হিসাব জব্দের নির্দেশ দিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। এ তালিকায় রয়েছেন বেক্সিমকো গ্রুপের মালিক সালমান এফ রহমান, সাবেক বাণিজ্যমন্ত্রী টিপু মুনশিসহ দেশের কয়েকটি শীর্ষ শিল্পপ্রতিষ্ঠানের মালিক ও সংশ্লিষ্ট ব্যক্তিরা।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (৫ নভেম্বর) এনবিআরের কেন্দ্রীয় গোয়েন্দা সেল (সিআইসি) দেশের সব ব্যাংকে এ বিষয়ে জরুরি নির্দেশনা পাঠিয়েছে। সংস্থাটির সূত্র জানিয়েছে, সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এসব হিসাব জব্দের উদ্যোগ নেওয়া হয়েছে। ইতোমধ্যে সংশ্লিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠানের তালিকা ব্যাংকগুলোকে ই-মেইলে পাঠিয়ে লেনদেন স্থগিতের নির্দেশ দেওয়া হয়েছে।

এর আগে গত মঙ্গলবার (৩ নভেম্বর) এনবিআরের এক অনুষ্ঠানে সংস্থাটির চেয়ারম্যান আহসান হাবিব কিছু ব্যক্তি ও প্রতিষ্ঠানের ব্যাংক হিসাব জব্দের কার্যক্রম শুরুর ইঙ্গিত দেন। তিনি জানান, বিশেষ একটি কারণে সিআইসি ও আয়কর গোয়েন্দা বিভাগ ৩৪ ব্যক্তি ও ৩৪ পরিবারের ব্যাংক হিসাব জব্দ করছে।

আরও পড়ুন

বিজ্ঞাপন

তবে এনবিআরের একাধিক সূত্রের দাবি, প্রাথমিক তালিকার বাইরেও আরও অনেকের নাম যুক্ত হচ্ছে। সব মিলিয়ে তালিকায় থাকা ব্যক্তি ও প্রতিষ্ঠানের সংখ্যা শতাধিক হতে পারে। তাঁদের মধ্যে কারও কারও ব্যাংক হিসাব দুর্নীতি দমন কমিশন (দুদক) কিংবা অন্য সংস্থার আবেদনের ভিত্তিতে আগেই জব্দ করা হয়েছে।

বিজ্ঞাপন

নাম প্রকাশ না করার শর্তে এনবিআরের এক কর্মকর্তা বলেন, প্রতিদিনই তালিকা হালনাগাদ করা হচ্ছে। পূর্ণাঙ্গ তথ্য পরে জানানো হবে।

জানা গেছে, ব্যাংক হিসাব জব্দের তালিকায় রয়েছেন সিপাল গ্রুপের প্রতিষ্ঠাতা ও সাবেক বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি এবং বেক্সিমকো গ্রুপের মালিক সালমান এফ রহমান। তিনি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার শিল্প ও বেসরকারি বিনিয়োগবিষয়ক উপদেষ্টার দায়িত্বেও ছিলেন।

তালিকায় আরও রয়েছেন এনভয় গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ও সাবেক সংসদ সদস্য সালাম মুর্শেদী, রেনেসাঁ গ্রুপের মালিক ও সাবেক পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম এবং হামিদ গ্রুপের মালিক ও সাবেক বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু।

বিজ্ঞাপন

এ ছাড়া ফেবিয়ান গ্রুপের প্রতিষ্ঠাতা ও সাবেক স্থানীয় সরকারমন্ত্রী তাজুল ইসলাম, তুসুকা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ফয়জুর রহমান বাদল, ওয়েল গ্রুপের প্রতিষ্ঠাতা আবদুস ছালাম, নিপা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক খসরু চৌধুরী, অ্যাক্সিস নিটওয়্যারস লিমিটেডের পরিচালক জাহিদ আহমেদ টুলু, স্ট্যান্ডার্ড গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক একেএম মোশাররফ হোসেন এবং গিভেন্সি গ্রুপের চেয়ারম্যান মাসুমা খাতুন লিপার নামও রয়েছে বলে জানা গেছে।

আরও পড়ুন

বিজ্ঞাপন

মিরপুর এলাকায় পোশাকশ্রমিকদের আন্দোলনে অর্থ জোগানোর অভিযোগে সাবেক সংসদ সদস্য ইলিয়াস উদ্দিন মোল্লাহ, বিজিএমইএর সাবেক সভাপতি ও ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এসএম মান্নান কচি এবং শেখ হাসিনার ব্যক্তিগত সহকারী জাহাঙ্গীর আলমের ব্যাংক হিসাবও জব্দের উদ্যোগ নেওয়া হয়েছে।

গোয়েন্দা তথ্যের ভিত্তিতে আওয়ামী লীগের সঙ্গে সংশ্লিষ্ট আরও কয়েকজনের হিসাব জব্দের প্রক্রিয়া চলছে বলে সূত্র জানিয়েছে। তাঁদের মধ্যে রয়েছেন ইলিয়াস উদ্দিন মোল্লাহর ভাগনে আলিফ মোল্লা, জাহাঙ্গীর আলমের সহযোগী মাহবুবুর রহমান জুয়েল, স্থানীয় আওয়ামী লীগের রাজনৈতিক কর্মী কামাল গাজী এবং শুভ নামের এক ব্যক্তি।

বিজ্ঞাপন

এর আগে সচিবালয়ে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জানিয়েছিলেন, পোশাক খাতের চলমান অস্থিরতার পেছনে নিষিদ্ধ রাজনৈতিক সংগঠনের সঙ্গে সংশ্লিষ্ট সাবেক মন্ত্রী, প্রতিমন্ত্রী ও সংসদ সদস্যদের ইন্ধন রয়েছে। এ কাজে কয়েকজন শিল্পমালিকও জড়িত বলে সরকারের কাছে তথ্য-প্রমাণ রয়েছে বলে তিনি উল্লেখ করেন।

জেবি/এএস

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD