Logo

প্রতিরক্ষা শিল্পের বিকাশে জাতীয় কমিটি, সভাপতি প্রধানমন্ত্রী

profile picture
নিজস্ব প্রতিবেদক
৫ নভেম্বর, ২০২৬, ১৭:৪১
প্রতিরক্ষা শিল্পের বিকাশে জাতীয় কমিটি, সভাপতি প্রধানমন্ত্রী
ছবি: সংগৃহীত

দেশের প্রতিরক্ষা শিল্পকে শক্তিশালী করা, সামরিক সরঞ্জাম উৎপাদন এবং রপ্তানি বাড়ানোর লক্ষ্যে ‘জাতীয় প্রতিরক্ষা শিল্প কমিটি’ গঠন করেছে সরকার। প্রধানমন্ত্রীকে সভাপতি করে ১১ সদস্যের এই কমিটি গঠন করা হয়েছে।

বিজ্ঞাপন

গত ১ নভেম্বর এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ।

কমিটির সদস্য হিসেবে রয়েছেন অর্থমন্ত্রী, শিল্পমন্ত্রী, বাণিজ্যমন্ত্রী, প্রতিরক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা, ইনভেস্ট বাংলাদেশ কর্তৃপক্ষের চেয়ারম্যান, সেনাবাহিনী প্রধান, নৌবাহিনী প্রধান, বিমানবাহিনী প্রধান, সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার এবং প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সচিব।

আরও পড়ুন

বিজ্ঞাপন

প্রজ্ঞাপনে কমিটির দায়িত্ব ও কার্যপরিধি নির্ধারণ করে বলা হয়েছে, দেশের প্রতিরক্ষা শিল্পের উন্নয়ন পরিকল্পনায় প্রয়োজনীয় দিকনির্দেশনা দেওয়া এবং তা বাস্তবায়নে সিদ্ধান্ত গ্রহণ করবে এই কমিটি। একই সঙ্গে প্রতিরক্ষা সরঞ্জাম উৎপাদন ও রপ্তানির নীতিগত বিষয়েও নির্দেশনা দেবে তারা।

এ ছাড়া প্রতিরক্ষা শিল্পের বিকাশে স্বল্পমেয়াদি ও দীর্ঘমেয়াদি পরিকল্পনা তৈরি এবং সেগুলো বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হবে। বিভিন্ন পর্যায়ে সামরিক সরঞ্জাম উৎপাদন ও গবেষণার প্রয়োজনীয়তা নির্ধারণের দায়িত্বও পালন করবে কমিটি।

বিজ্ঞাপন

প্রতিরক্ষা শিল্পের কার্যক্রম আরও সুসংগঠিত করতে পূর্ণাঙ্গ প্রতিরক্ষা শিল্প বিভাগ (ডিআইডি) গঠনের বিষয়েও প্রয়োজনীয় পরামর্শ ও দিকনির্দেশনা দেওয়ার দায়িত্ব পেয়েছে কমিটি। পাশাপাশি এই বিভাগের মাধ্যমে প্রয়োজনীয় আর্থিক ও প্রশাসনিক সিদ্ধান্ত বাস্তবায়নের দায়িত্বও দেওয়া হয়েছে।

আরও পড়ুন

বিজ্ঞাপন

প্রজ্ঞাপনে আরও উল্লেখ করা হয়েছে, প্রধানমন্ত্রী বা সরকারপ্রধান প্রয়োজন মনে করলে কমিটিতে অন্য যেকোনো নির্বাহী সদস্যকে অন্তর্ভুক্ত করতে পারবেন। সরকার মনোনীত কর্মরত বা অবসরপ্রাপ্ত সামরিক কিংবা বেসামরিক প্রথম গ্রেডের কোনো কর্মকর্তা প্রতিরক্ষা শিল্প বিভাগের নির্বাহী পরিচালক হিসেবে কমিটির সদস্যসচিবের দায়িত্ব পালন করবেন।

কমিটির সভা প্রয়োজন অনুযায়ী অনুষ্ঠিত হবে বলে প্রজ্ঞাপনে জানানো হয়েছে।

জেবি/এএস

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD