Logo

ঢাকা কলেজ-সিটি কলেজ শিক্ষার্থীদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া

profile picture
জনবাণী ডেস্ক
২৬ জানুয়ারি, ২০২৪, ০১:৫৮
ঢাকা কলেজ-সিটি কলেজ শিক্ষার্থীদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া
ছবি: সংগৃহীত

ঢাকা কলেজের এক শিক্ষার্থীকে একা পেয়ে মারধর করেন সিটি কলেজের কয়েকজন শিক্ষার্থী

বিজ্ঞাপন

রাজধানীর নিউমার্কেটের ঢাকা কলেজ এবং সায়েন্স ল্যাবরেটরি এলাকার সিটি কলেজ শিক্ষার্থীদের মধ্যে দফায় দফায় সংঘর্ষ, ধাওয়া পাল্টা ধাওয়া, মারামারি ও বাস ভাঙচুরের ঘটনা ঘটেছে। তবে এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

বৃহস্পতিবার (২৫ জানুয়ারি) দুপুরের আগে ও পরে কয়েক দফায় দুই কলেজের শিক্ষার্থীদের মধ্যে এ সংঘর্ষ ঘটনা ঘটে।

বিজ্ঞাপন

শিক্ষার্থীদের সঙ্গে কথা বলে জানা যায়, ঢাকা কলেজের এক শিক্ষার্থীকে একা পেয়ে মারধর করেন সিটি কলেজের কয়েকজন শিক্ষার্থী। পরে ওই শিক্ষার্থীকে সিটি কলেজে আটকে রাখা হয়। বেলা সাড়ে ১১টার দিকে এই খবর ঢাকা কলেজ ক্যাম্পাসে ছড়িয়ে পড়লে শিক্ষার্থীরা সিটি কলেজের দিকে এগিয়ে যায়। দুই কলেজের শিক্ষার্থীদের মধ্যে সিটি কলেজের সামনে, সায়েন্স ল্যাবরেটরি এলাকা এবং ঢাকা কলেজের সামনের রাস্তায় কয়েক দফা সংঘর্ষের ঘটনা ঘটে। এসময় শিক্ষার্থীরা একটি লেগুনা ও বাসে ভাঙচুর করেন ।

বিজ্ঞাপন

এ বিষয়ে ঢাকা কলেজের অধ্যক্ষ অধ্যাপক মোহাম্মদ ইউসুফ গণমাধ্যমকে বলেন, আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে আমরা ঘটনাটি নিয়ে বসেছি। আমাদের যে শিক্ষার্থীকে আটকে রাখা হয়েছিল সে এখন আমার অফিসে আছে। পরবর্তী করণীয় নিয়ে আলোচনা চলছে।

নিউমার্কেট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিনুল ইসলাম বলেন, দুই কলেজের শিক্ষার্থীদের মধ্যে দীর্ঘদিন এমন ঘটনা ঘটে আসছে। ঘটনাস্থলে পুলিশ ছিল। সংঘর্ষ এড়াতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD