যশোরে গোডাউনে ৭৭ আমেরিকান মোটরসাইকেল উদ্ধার, গোডাউন সিলগালা

যশোর শহরের ঘোপ নওয়াপাড়া রোডের একটি গোডাউন থেকে ৭৭টি নতুন আমেরিকান মোটরসাইকেল উদ্ধার করেছে ভ্রাম্যমাণ আদালত। রোববার দুপুরে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সোহাইব হাসান আকন্দ-এর নেতৃত্বে অভিযানটি পরিচালিত হয়।
বিজ্ঞাপন
অভিযানে যশোর জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের ওসি (তদন্ত) সুজন কুমারসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
ঘোপ নওয়াপাড়া রোডের ৩ নম্বর ওয়ার্ডের ২৪২ নম্বর বাড়িতে অবস্থিত গোডাউনটিতে ‘আমেরিকান ইউএন’ কোম্পানির ৭৭টি সম্পূর্ণ নতুন মোটরসাইকেল পাওয়া যায়। তবে সেগুলোর রেজিস্ট্রেশন, আমদানি অনুমোদন বা অন্যান্য বৈধ কাগজপত্র দেখাতে না পারায় গোডাউনটি তাৎক্ষণিকভাবে সিলগালা করা হয়।
গোডাউন মালিক হাফিজুর রহমান শিলু প্রয়োজনীয় কাগজপত্র উপস্থাপন করতে ব্যর্থ হন। মোটরসাইকেলগুলোর মালিক হিসেবে পরিচিত আবু সাঈদ সাবু অসুস্থতার কথা জানিয়ে ঘটনাস্থলে উপস্থিত হননি এবং ১০ দিনের সময় প্রার্থনা করেন।
বিজ্ঞাপন
পরিস্থিতি বিবেচনায় ম্যাজিস্ট্রেট মোটরসাইকেলগুলো জব্দ অবস্থায় গোডাউনে রাখার নির্দেশ দেন। নির্ধারিত সময়ের মধ্যে বৈধ কাগজপত্র দাখিল করতে না পারলে সেগুলো সরকারের হেফাজতে নেওয়া হবে বলে জানানো হয়েছে।
এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।






