Logo

চলতি কর বছরে ই-রিটার্ন দাখিল করেছেন ২০ লক্ষের বেশি করদাতা

বিশেষ প্রতিবেদক
বিশেষ প্রতিবেদক
২৯ নভেম্বর, ২০২৫, ১৩:৪৬
চলতি কর বছরে ই-রিটার্ন দাখিল করেছেন ২০ লক্ষের বেশি করদাতা
ছবি: সংগৃহীত

২০২৫-২৬ অর্থবছরের জন্য অনলাইনে ই-রিটার্ন দাখিল কার্যক্রম গত ৪ আগস্ট ২০২৫ তারিখে অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদের মাধ্যমে www.etaxnbr.gov.bd ওয়েবসাইটে উদ্বোধন করা হয়। উদ্বোধনের পর থেকে দেশের করদাতারা অত্যন্ত সক্রিয়ভাবে অংশগ্রহণ করে ইতিমধ্যে ২০ লক্ষের বেশি ই-রিটার্ন দাখিল সম্পন্ন করেছেন।

বিজ্ঞাপন

জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) এ বছর ৬৫ বছরের উপরে বয়সী প্রবীণ করদাতা, শারীরিকভাবে অক্ষম বা বিশেষ চাহিদাসম্পন্ন করদাতা, বিদেশে অবস্থানরত বাংলাদেশী করদাতা, মৃত করদাতার পক্ষে আইনগত প্রতিনিধি এবং বাংলাদেশে কর্মরত বিদেশী নাগরিকদের ব্যতীত সকল করদাতার জন্য ই-রিটার্ন দাখিল বাধ্যতামূলক করেছে। তবে বাধ্যবাধকতার বাইরে থাকা করদাতারাও ইচ্ছা করলে অনলাইনে রিটার্ন দাখিল করতে পারেন।

যারা ই-রিটার্ন সিস্টেমে নিবন্ধনের সমস্যার কারণে অনলাইনে দাখিল করতে পারছেন না, তারা ১৫ ডিসেম্বর ২০২৫-এর মধ্যে সংশ্লিষ্ট উপকর কমিশনারের নিকট যৌক্তিক আবেদন করলে অতিরিক্ত বা যুগ্ম কর কমিশনারের অনুমোদনে পেপার রিটার্ন দাখিল করতে পারবেন।

আরও পড়ুন: খালেদা জিয়ার দ্রুত আরোগ্য কামনা করে দোয়া চাইলেন রাষ্ট্রপতি

এছাড়া, করদাতার পক্ষে ক্ষমতাপ্রাপ্ত প্রতিনিধিও অনলাইনে ই-রিটার্ন দাখিল করতে পারছেন। বিদেশে অবস্থানরত বাংলাদেশী করদাতাদের জন্যও সুবিধা রাখা হয়েছে। তারা ereturn@etaxnbr.gov.bd ই-মেইলে প্রয়োজনীয় তথ্য পাঠালে তাদের ই-মেইলে OTP এবং Registration Link প্রেরণ করা হয়, যার মাধ্যমে তারা সহজেই ই-রিটার্ন দাখিল করতে সক্ষম হচ্ছেন।

ই-রিটার্ন সিস্টেমে করদাতারা কোন কাগজপত্র বা দলিলাদি আপলোড না করেই তাদের আয়, ব্যয়, সম্পদ ও দায় সংক্রান্ত তথ্য প্রবেশ করতে পারছেন। এর পর তারা ঘরে বসেই ডেবিট/ক্রেডিট কার্ড, ইন্টারনেট ব্যাংকিং বা মোবাইল ফাইন্যানশিয়াল সার্ভিস (বিকাশ, নগদ ইত্যাদি) ব্যবহার করে অনলাইনে আয়কর পরিশোধ করতে পারছেন। দাখিলের সঙ্গে সঙ্গে স্বয়ংক্রিয়ভাবে acknowledgement slip এবং আয়কর সনদ প্রিন্ট করার সুবিধাও রয়েছে।

জাতীয় রাজস্ব বোর্ড প্রতি বছর যেমন প্রশিক্ষণ প্রদান করে, এ বছরও করদাতা ও তাদের প্রতিনিধিদের ই-রিটার্ন দাখিলের জন্য প্রশিক্ষণ দেওয়া হয়েছে। আইনজীবী, চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট, কস্ট ও ম্যানেজমেন্ট অ্যাকাউন্ট্যান্ট এবং চার্টার্ড সেক্রেটারিজদেরও অনলাইন দাখিল প্রক্রিয়ার ওপর প্রশিক্ষণ দেওয়া হয়েছে।

আরও পড়ুন: মক ভোটিংয়ে বিশৃঙ্খলা, ভোটগ্রহণ নতুনভাবে শুরু করল ইসি

করদাতাদের সহায়তার জন্য এনবিআর একটি কল সেন্টার চালু করেছে। ০৯৬৪৩ ৭১ ৭১ ৭১ নম্বরে ফোন করে ই-রিটার্ন সম্পর্কিত যেকোনো সমস্যার তাৎক্ষণিক সমাধান পাওয়া যাচ্ছে। এছাড়া, www.etaxnbr.gov.bd এর eTax Service অপশন থেকে লিখিতভাবে সমস্যা জানানোর সুযোগ রয়েছে। সারাদেশের ই-রিটার্ন হেল্প-ডেস্কেও দাখিল ও পরামর্শ প্রদান করা হচ্ছে।

জাতীয় রাজস্ব বোর্ড সকল করদাতাকে বিনীতভাবে অনুরোধ করেছে, তারা আগামী ৩১ ডিসেম্বর ২০২৫-এর মধ্যে ২০২৫-২৬ করবর্ষের আয়কর রিটার্ন ই-রিটার্ন সিস্টেমের মাধ্যমে দাখিল করবেন।

জেবি/এএস

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD