Logo

রমজানের প্রথম দিনেই চড়া পেঁয়াজের দাম, কেজিতে বেড়েছে ১০-১৫ টাকা

profile picture
নিজস্ব প্রতিবেদক
১৯ ফেব্রুয়ারি, ২০২৬, ১২:১১
রমজানের প্রথম দিনেই চড়া পেঁয়াজের দাম, কেজিতে বেড়েছে ১০-১৫ টাকা
ছবি: সংগৃহীত

পবিত্র রমজানের শুরুতেই রাজধানীর বাজারে পেঁয়াজের দাম অস্বাভাবিকভাবে বৃদ্ধি পেয়েছে। সরবরাহ সংকট এবং চাহিদার প্রভাবের কারণে মাত্র এক সপ্তাহের ব্যবধানে কেজিতে ১০-১৫ টাকা বৃদ্ধি পেয়ে বর্তমানে প্রতি কেজি পেঁয়াজ বিক্রি হচ্ছে ৬০ থেকে ৭০ টাকায়। এতে সাধারণ ক্রেতারা দুশ্চিন্তায় পড়েছেন।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) রাজধানীর মোহাম্মদপুর টাউন হল, ধানমন্ডি কাঁচাবাজার এবং রায়েরবাজারসহ বিভিন্ন বাজারে সরেজমিনে দেখা গেছে, পেঁয়াজের দাম কয়েক দিনের মধ্যে উল্লেখযোগ্যভাবে বেড়েছে। আকারে ছোট পেঁয়াজ বিক্রি হচ্ছে ৫৫ টাকায়, তবে ভালো মানের পেঁয়াজ কোনো দোকানে ৬০ টাকার নিচে পাওয়া যাচ্ছে না।

বাজারে এ অবস্থার কারণে ক্রেতাদের উপর বাড়তি চাপ তৈরি হচ্ছে। খুচরা বিক্রেতা হাসান মাহমুদ জানান, “গত দুই-তিন দিন ধরেই পেঁয়াজের দাম বাড়ছে। মৌসুমের শেষের দিকে সরবরাহ কমে যাওয়া, পরিবহন খরচ বৃদ্ধি এবং চাহিদার কারণে খুচরা বাজারেও দাম বেড়েছে। রমজানকে কেন্দ্র করে পাইকারি বাজারে চাহিদা বেড়ে যাওয়ায় খুচরা পর্যায়েও এর প্রভাব পড়েছে।”

বিজ্ঞাপন

খুচরা বিক্রেতারা বলেন, পাইকারি বাজারে বেশি দামে পেঁয়াজ কেনার কারণে বাধ্য হয়ে তারা দাম বৃদ্ধি করতে বাধ্য হচ্ছেন। একাধিক বিক্রেতা জানিয়েছেন, আগের তুলনায় দাম কয়েক দফা বেড়ে গেছে, তাই খুচরা পর্যায়ে দাম সমন্বয় ছাড়া তাদের হাতে বিকল্প নেই।

এদিকে ক্রেতা মারুফ হোসেন অভিযোগ করেন, “রমজান এলেই ব্যবসায়ীরা দাম বাড়ানোর সুযোগ নেন। গত সপ্তাহে ১০০ টাকার নিচে দুই কেজি পেঁয়াজ কিনেছি, আর আজকে দাম চাইছে ১২০ থেকে ১৩০ টাকা।”

বিজ্ঞাপন

রিকশাচালক মো. শুক্কুর আল আমিন বলেন, “দুই দিন আগে ভ্যানগাড়ি থেকে ৫০ টাকায় কেজি পেঁয়াজ কিনেছিলাম। আমাদের ছোট পরিবার সপ্তাহখানেকের জন্য সেটা চলবে। তারপর তো বেশি দামেই কিনতে হবে। রোজার সময় দাম বাড়বে এটা তো জানতামই, ব্যবসায়ীরা রোজা শুরু হলেই দাম বাড়িয়ে দেয়।”

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD