রোজার আগেই সেঞ্চুরি হাঁকাল লেবু

রোজা শুরু হতে আর মাত্র তিন দিন বাকি। এরই মধ্যে বাজারে অস্থিরতার ইঙ্গিত মিলছে। ইফতারে শরবত তৈরির অন্যতম উপকরণ লেবুর দাম হঠাৎ করেই বেড়ে গেছে। বর্তমানে ছোট আকারের লেবুর হালি ৮০ থেকে ৯০ টাকা এবং মাঝারি ও বড় সাইজের লেবু ১০০ টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে। দুই সপ্তাহের ব্যবধানে লেবুর দাম প্রায় চারগুণ বেড়েছে বলে জানিয়েছেন ব্যবসায়ীরা।
বিজ্ঞাপন
রাজধানীর বিভিন্ন বাজার ও অলিগলির ভ্যানে ঘুরে দেখা গেছে, ৮০ টাকার নিচে লেবুর হালি পাওয়া কঠিন। কিছু ক্ষেত্রে বড় সাইজের লেবুর হালি ১২০ টাকা পর্যন্ত চাওয়া হচ্ছে, যদিও দরদাম করে ১০০ টাকায় কিনতে পারছেন ক্রেতারা।
ব্যবসায়ীরা জানান, মাত্র দুই সপ্তাহ আগে লেবুর হালি ছিল ২০ থেকে ৩০ টাকা। গত শুক্রবার তা বেড়ে দাঁড়ায় ৫০ থেকে ৬০ টাকায়। বর্তমানে সর্বনিম্ন ৬০ টাকা থেকে শুরু করে ১০০ টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে।
বিজ্ঞাপন
রোববার (১৫ ফেব্রুয়ারি) দুপুরের পর রাজধানীর বিভিন্ন বাজার ঘুরে দেখা যায়, শান্তিনগর বাজারে এক বিক্রেতা প্রতি পিস লেবু ৩০ টাকা দাম বলছেন। পরে দরদাম করে দুইটি লেবু ৫০ টাকায় বিক্রি করেন তিনি।
নয়াবাজারে কেনাকাটা করতে আসা এক ক্রেতা জানান, রোজা উপলক্ষে লেবু কিনতে এসে বেশি দাম শুনে আর কেনেননি। তার অভিযোগ, রোজা ঘিরে বিক্রেতারা দাম বাড়িয়ে দিয়েছেন এবং বাজারে তদারকির ঘাটতি রয়েছে।
একই বাজারের এক বিক্রেতা বলেন, পাইকারি বাজার থেকেই আকার ও মানভেদে ৬০ থেকে ৭০ টাকায় হালি কিনতে হচ্ছে। ফলে খুচরা পর্যায়ে ৮০ থেকে ১০০ টাকায় বিক্রি করতে হচ্ছে। পাইকারি দাম বাড়লে খুচরা বাজারেও তার প্রভাব পড়ে।
বিজ্ঞাপন
এদিকে, বাজারে পেঁয়াজের দাম কেজিতে ১০ টাকা বেড়েছে। আগে ৫০ টাকায় বিক্রি হওয়া পেঁয়াজ এখন ৬০ টাকায় বিক্রি হচ্ছে।
ব্রয়লার মুরগির দামও কেজিতে ২০ টাকা বেড়ে ২০০ থেকে ২১০ টাকায় উঠেছে। সোনালি মুরগি বিক্রি হচ্ছে ৩২০ থেকে ৩৪০ টাকা কেজিতে।
বিজ্ঞাপন
তবে তেল ও চিনির মতো মুদিপণ্যের দামে বড় কোনো পরিবর্তন দেখা যায়নি। ডিমের দাম প্রতি ডজন ১১০ থেকে ১১৫ টাকার মধ্যে স্থিতিশীল রয়েছে।








