Logo

১৪টি বোয়িং উড়োজাহাজ কিনছে বাংলাদেশ, খরচ হবে যত

profile picture
নিজস্ব প্রতিবেদক
৯ ফেব্রুয়ারি, ২০২৬, ১৬:০১
১৪টি বোয়িং উড়োজাহাজ কিনছে বাংলাদেশ, খরচ হবে যত
ছবি: সংগৃহীত

বিমান বাংলাদেশ কর্তৃপক্ষের জন্য বোয়িং কোম্পানি থেকে মোট ১৪টি নতুন উড়োজাহাজ কেনার উদ্যোগ নিয়েছে সরকার। প্রাথমিকভাবে এই প্রকল্পে ব্যয় ধরা হয়েছে প্রায় ৩০ থেকে ৩৫ হাজার কোটি টাকা। চূড়ান্ত চুক্তি স্বাক্ষরের জন্য আলোচনা চলমান রয়েছে।

বিজ্ঞাপন

বাণিজ্য ও বেসামরিক বিমান চলাচল বিষয়ক উপদেষ্টা শেখ বশির উদ্দিন রবিবার জানান, এয়ারবাস ও বোয়িংয়ের দেওয়া প্রস্তাবের ভিত্তিতে টেকনো-ফাইন্যান্সিয়াল বিশ্লেষণ সম্পন্ন করা হয়েছে। উড়োজাহাজের দাম নিয়ে আলোচনায় নেতৃত্ব দিয়েছেন উপদেষ্টা ওয়াহিদউদ্দিন মাহমুদ।

তিনি আরও জানান, প্রস্তাবিত অর্থায়ন দীর্ঘমেয়াদে পরিশোধ করা হবে। প্রাথমিক পরিকল্পনা অনুযায়ী, পুরো অর্থ ১০ বছরে পরিশোধের উদ্যোগ নেওয়া হলেও ২০ বছর পর্যন্ত সময় নিতে হতে পারে। এতে প্রতি বছরে আনুমানিক ১ হাজার ৫০০ কোটি থেকে ২ হাজার কোটি টাকা পরিশোধ করতে হতে পারে।

বিজ্ঞাপন

চুক্তির আওতায় বোয়িং থেকে কেনার পরিকল্পিত উড়োজাহাজের ধরন হলো: ৮টি ৭৮৭–১০, ২টি ৭৮৭–৯ এবং ৪টি ৭৩৭ ম্যাক্স ৮। দাম ও শর্ত নিয়ে আলোচনাক্রম এখনও চলমান। আলোচনা সন্তোষজনকভাবে শেষ হলে চুক্তি চূড়ান্ত হবে, না হলে তা স্থগিত বা বাতিলও হতে পারে।

একই সময়ে, বাংলাদেশ যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি আলোচনার মাধ্যমে দুই দেশের দ্বিপাক্ষিক বাণিজ্য ঘাটতি কমানো এবং বাংলাদেশের তৈরি পণ্যের ওপর শুল্ক হ্রাসের চেষ্টা করছে।

বিজ্ঞাপন

বাণিজ্য সচিব মাহবুবুর রহমান জানান, বাংলাদেশ যুক্তরাষ্ট্র থেকে আমদানি বৃদ্ধি এবং দুই দেশের বাণিজ্য ভারসাম্য রক্ষায় প্রতিশ্রুতিবদ্ধ।

উপদেষ্টা শেখ বশির উদ্দিন বলেন, শুরুতে বাংলাদেশের ওপর ৩৭ শতাংশ শুল্ক আরোপ করা হয়েছিল। আলোচনার মাধ্যমে তা ২০ শতাংশে নামানো সম্ভব হয়েছে। সরকারের লক্ষ্য শুধু শুল্ক কমানো নয়, বরং তৈরি পোশাকের ওপর শুল্ক শূন্যে নামানোর মাধ্যমে রপ্তানি সহজতর করা।

চুক্তি স্বাক্ষরের আনুষ্ঠানিকতা সোমবার অনুষ্ঠিত হবে। এতে উপদেষ্টা শেখ বশির উদ্দিন ও বাণিজ্য সচিব ভার্চুয়ালি অংশ নেবেন, অন্যদিকে মন্ত্রণালয়ের কয়েকজন জ্যেষ্ঠ কর্মকর্তা যুক্তরাষ্ট্রে সরাসরি আলোচনায় উপস্থিত থাকবেন।

জেবি/এএস
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD