Logo

অন্তর্বর্তী সরকারের আমলে চট্টগ্রাম বন্দর ইজারা চুক্তি হচ্ছে না

profile picture
নিজস্ব প্রতিবেদক
৮ ফেব্রুয়ারি, ২০২৬, ১৮:১৪
অন্তর্বর্তী সরকারের আমলে চট্টগ্রাম বন্দর ইজারা চুক্তি হচ্ছে না
ছবি: সংগৃহীত

অন্তর্বর্তীকালীন সরকারের আমলে ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে চট্টগ্রাম বন্দর ইজারা সংক্রান্ত কোনো চুক্তি হচ্ছে না বলে জানিয়েছেন বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরী। রোববার (৮ ফেব্রুয়ারি) বিকেলে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান।

বিজ্ঞাপন

আশিক চৌধুরী বলেন, ডিপি ওয়ার্ল্ডের পক্ষ থেকে কিছুটা সময় চাওয়া হয়েছে। তবে সরকারের হাতে এখন মাত্র দুইটি কার্যদিবস বাকি রয়েছে। এই সীমিত সময়ের মধ্যে চুক্তি সম্পন্ন করা সম্ভব নয় বলেই বিষয়টি এ পর্যায়ে এগোচ্ছে না।

তিনি আরও জানান, সংশ্লিষ্ট প্রকল্পটির সূচনা হয়েছিল ২০১৯ সালে। গত এক মাস ধরে চুক্তির চূড়ান্ত বোঝাপড়ার ধাপে আলোচনা চলছিল, যা এখনো পুরোপুরি শেষ হয়নি। সরকারের বিভিন্ন পর্যায়ের সঙ্গে সংশ্লিষ্ট পক্ষগুলোর আলোচনা অব্যাহত রয়েছে এবং বিষয়টি সম্পন্ন করতে আরও সময় প্রয়োজন হবে।

বিজ্ঞাপন

এদিকে নিউমুরিং কনটেইনার টার্মিনাল (এনসিটি) ইজারা না দেওয়ার দাবিতে অনির্দিষ্টকালের কর্মবিরতি শুরু করেছে চট্টগ্রাম বন্দর রক্ষা সংগ্রাম পরিষদ। এই কর্মসূচির ফলে রোববার সকাল ৮টা থেকে চট্টগ্রাম বন্দরের সব ধরনের অপারেশন কার্যক্রম বন্ধ হয়ে যায়।

কর্মবিরতির কারণে জেটি, ইয়ার্ড, টার্মিনাল, প্রশাসনিক ভবন ও বহির্নোঙরসহ বন্দরের সব এলাকায় পণ্য খালাস ও পরিবহন কার্যক্রম স্থবির হয়ে পড়ে। এতে দেশের প্রধান সমুদ্রবন্দর কার্যত অচল অবস্থায় চলে যায়।

উদ্ভূত পরিস্থিতিতে বন্দর কর্তৃপক্ষ রোববার সকাল সাড়ে ৯টায় বন্দর ভবনের সম্মেলন কক্ষে প্রায় ২০০ সাধারণ কর্মচারী ও শ্রমিককে নিয়ে জরুরি সভা আহ্বান করলেও আন্দোলনকারীরা সেই আহ্বান প্রত্যাখ্যান করেন।

বিজ্ঞাপন

চট্টগ্রাম বন্দর রক্ষা সংগ্রাম পরিষদের সমন্বয়ক এবং বন্দর জাতীয়তাবাদী শ্রমিক দলের সাধারণ সম্পাদক মো. ইব্রাহিম খোকন বলেন, সকাল ৮টা থেকে বন্দরের সব ধরনের কার্যক্রম বন্ধ রয়েছে। দাবি পূরণ না হওয়া পর্যন্ত এই অনির্দিষ্টকালের কর্মবিরতি চালিয়ে যাওয়ার ঘোষণা দেন তিনি।

এ বিষয়ে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের উপকমিশনার (বন্দর) মো. আমিরুল ইসলাম জানান, বন্দরের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পর্যাপ্ত সংখ্যক আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে।

জেবি/এএস

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD