টানা তিন দফা বাড়ার পর এবার কমলো সোনার দাম, ভরিতে কত?

টানা তিন দফায় বড় অঙ্কে বাড়ানোর পর এবার দেশের বাজারে সোনার দাম কমিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম ২ হাজার ৭৪১ টাকা কমানো হয়েছে।
বিজ্ঞাপন
এতে দেশের বাজারে ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার নতুন দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ২৬ হাজার ৯২৩ টাকা।
শুক্রবার (৬ নভেম্বর) সকালে এক বিজ্ঞপ্তিতে নতুন মূল্যতালিকা প্রকাশ করে বাজুস। একই দিন সকাল ১০টা থেকে নতুন এ দাম কার্যকর হয়েছে।
বিজ্ঞপ্তিতে বাজুস জানিয়েছে, স্থানীয় বাজারে তেজাবি সোনার (পিওর গোল্ড) দাম কমে যাওয়ায় সার্বিক পরিস্থিতি বিবেচনা করে সোনার নতুন মূল্য নির্ধারণ করা হয়েছে।
বিজ্ঞাপন
নতুন মূল্যতালিকা অনুযায়ী, দেশের বাজারে ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম ২ লাখ ২৬ হাজার ৯২৩ টাকা। এ ছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ১৬ হাজার ৭১৭ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৮৬ হাজার ৯৯ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনার দাম নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৫২ হাজার ৪০ টাকা। এসব দামের সঙ্গে ভ্যাট অন্তর্ভুক্ত রয়েছে।
স্বর্ণালঙ্কার বিক্রির ক্ষেত্রে মজুরি ও অন্যান্য শর্তের বিষয়েও নির্দেশনা দিয়েছে বাজুস। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, অলঙ্কার তৈরির ডিজাইন অনুযায়ী মজুরি নির্ধারিত হবে। সোনা ও রুপার অলঙ্কারের বিক্রয়মূল্যের সঙ্গে ভ্যাট অন্তর্ভুক্ত থাকায় ক্রেতার কাছ থেকে আলাদাভাবে ভ্যাট আদায় করা যাবে না।
এ ছাড়া মজুরি ও পাথরের মূল্য বাদ দিয়ে পুরোনো অলঙ্কার পরিবর্তনের ক্ষেত্রে ১২ শতাংশ এবং পুরোনো সোনা কেনার ক্ষেত্রে ১৮ শতাংশ বাদ দিতে হবে। তবে এসব লেনদেনে আলাদাভাবে ভ্যাট বাদ দেওয়ার সুযোগ নেই। পরবর্তী নির্দেশনা না আসা পর্যন্ত দেশের সব জুয়েলারি প্রতিষ্ঠানে এ মূল্য কার্যকর থাকবে।
বিজ্ঞাপন
এর আগে মাত্র চার দিনের ব্যবধানে তিন দফায় সোনার দাম মোট ১২ হাজার ৮০ টাকা বাড়িয়েছিল বাজুস। সর্বশেষ বৃহস্পতিবার (৫ নভেম্বর) প্রতি ভরিতে ৫ হাজার ৪৮২ টাকা বাড়ানো হয়। এতে ভ্যাটসহ ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম দাঁড়িয়েছিল ২ লাখ ২৯ হাজার ৬৬৪ টাকা।
ওই সময় ২১ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম ছিল ২ লাখ ১৯ হাজার ৩৪২ টাকা। ১৮ ক্যারেটের দাম ছিল ১ লাখ ৮৮ হাজার ৩৭৪ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরির দাম নির্ধারণ করা হয়েছিল ১ লাখ ৫৩ হাজার ৮৪৮ টাকা।
এর আগে বুধবার (৪ নভেম্বর) ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম ৩ হাজার ৩২৪ টাকা এবং সোমবার (২ নভেম্বর) ৩ হাজার ২৬৬ টাকা বাড়িয়েছিল বাজুস।
বিজ্ঞাপন
টানা কয়েক দফা মূল্যবৃদ্ধির পর শুক্রবারের এই সিদ্ধান্তে দেশের বাজারে সোনার দামে কিছুটা স্বস্তি ফিরেছে।








