দেশের বাজারে স্বর্ণের দামে ফের বড় লাফ

দেশের বাজারে সোনার দামে বড় ধরনের উল্লম্ফন ঘটেছে। মাত্র এক দিনের ব্যবধানে দুই দফায় প্রতি ভরিতে ৮ হাজার ৮০৬ টাকা বেড়েছে ২২ ক্যারেট সোনার দাম। সর্বশেষ প্রতি ভরিতে ৫ হাজার ৪৮২ টাকা বাড়িয়ে নতুন দাম ২ লাখ ২৯ হাজার ৬৬৪ টাকা নির্ধারণ করেছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)।
বিজ্ঞাপন
বৃহস্পতিবার (৫ নভেম্বর) সকালে এক বিজ্ঞপ্তিতে নতুন দাম ঘোষণা করে বাজুস। সকাল ১০টা থেকে দেশের সব জুয়েলারি প্রতিষ্ঠানে এ মূল্য কার্যকর হয়েছে।বাজুসের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, স্থানীয় বাজারে তেজাবি সোনার (পিওর গোল্ড) দাম বেড়ে যাওয়ায় সার্বিক পরিস্থিতি বিবেচনা করে নতুন মূল্য নির্ধারণ করা হয়েছে।
নতুন মূল্য তালিকা অনুযায়ী, ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম ২ লাখ ২৯ হাজার ৬৬৪ টাকা। এছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ১৯ হাজার ৩৪২ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৮৮ হাজার ৩৭৪ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনার দাম নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৫৩ হাজার ৮৪৮ টাকা। এসব দামের সঙ্গে ভ্যাট অন্তর্ভুক্ত রয়েছে।
আরও পড়ুন
বিজ্ঞাপন
বাজুস জানিয়েছে, স্বর্ণালঙ্কার তৈরির ক্ষেত্রে ডিজাইন অনুযায়ী মজুরি প্রযোজ্য হবে। সোনা ও রৌপ্য অলঙ্কারের বিক্রয়মূল্যের সঙ্গে ভ্যাট যুক্ত থাকায় গ্রাহকের কাছ থেকে আলাদাভাবে ভ্যাট আদায় করা যাবে না। মজুরি ও পাথরের মূল্য বাদ দিয়ে অলঙ্কার এক্সচেঞ্জের ক্ষেত্রে ১২ শতাংশ এবং পারচেজের ক্ষেত্রে ১৮ শতাংশ বাদ দিতে হবে। তবে এক্সচেঞ্জ ও পারচেজের ক্ষেত্রে আলাদাভাবে ভ্যাট বাদ দেওয়া যাবে না। পরবর্তী সিদ্ধান্ত না হওয়া পর্যন্ত দেশের সব জুয়েলারি প্রতিষ্ঠানে এ মূল্য কার্যকর থাকবে।
বিজ্ঞাপন
এর আগে, গত ৪ নভেম্বর সোনার দাম সমন্বয় করেছিল বাজুস। সেদিন ভরিতে ৩ হাজার ৩২৪ টাকা বাড়িয়ে ২২ ক্যারেটের এক ভরি সোনার দাম নির্ধারণ করা হয়েছিল ২ লাখ ২৪ হাজার ১৮২ টাকা। অর্থাৎ এক দিনের ব্যবধানে দুই দফায় প্রতি ভরি ২২ ক্যারেট সোনার দাম বেড়েছে মোট ৮ হাজার ৮০৬ টাকা।
এ নিয়ে চলতি বছর এখন পর্যন্ত দেশের বাজারে ১৩৩ বার সোনার দাম সমন্বয় করেছে বাজুস। এর মধ্যে ৬৫ দফা দাম বাড়ানো হয়েছে, কমানো হয়েছে ৬৭ দফা এবং এক দফা ভ্যাট সমন্বয় করা হয়েছে। অন্যদিকে, ২০২৫ সালে মোট ৯৩ বার সোনার দাম সমন্বয় করা হয়েছিল। সে বছর ৬৪ বার দাম বাড়ানো এবং ২৯ বার কমানো হয়।
এদিকে, সোনার দাম বাড়লেও দেশের বাজারে অপরিবর্তিত রয়েছে রুপার দাম। বর্তমানে ২২ ক্যারেটের প্রতি ভরি রুপা বিক্রি হচ্ছে ৩ হাজার ৪৯৯ টাকায়। এছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি ৩ হাজার ৩৮৩ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ২ হাজার ৯১৬ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি রুপার দাম ২ হাজার ২১৬ টাকা।
বিজ্ঞাপন
চলতি বছর এখন পর্যন্ত রুপার দাম ৭৮ বার সমন্বয় করেছে বাজুস। এর মধ্যে ৩৬ বার দাম বাড়ানো হয়েছে এবং ৪২ বার কমানো হয়েছে। ২০২৫ সালে ১৩ বার রুপার দাম সমন্বয় করা হয়েছিল। এর মধ্যে ১০ বার বেড়েছিল এবং তিনবার কমেছিল।








