বিশ্ববাজারে ফের বাড়ল তেলের দাম

ইরানের কেশম দ্বীপে যুক্তরাষ্ট্রের সামরিক হামলার খবর প্রকাশ্যে আসার পর আন্তর্জাতিক বাজারে আবারও বেড়েছে অপরিশোধিত তেলের দাম। মঙ্গলবার (৩ নভেম্বর) লেনদেনের শুরুতে ব্রেন্ট ও ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই)—উভয় ধরনের তেলের দামই ঊর্ধ্বমুখী ছিল।
বিজ্ঞাপন
কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরার তথ্য অনুযায়ী, মঙ্গলবার গ্রিনিচ মান সময় রাত ১টা ৪ মিনিটে ব্রেন্ট ক্রুডের দাম আগের অবস্থানের তুলনায় ব্যারেলপ্রতি ৪৮ সেন্ট বা শূন্য দশমিক ৫ শতাংশ বেড়ে ১০৫ ডলার ২৫ সেন্টে পৌঁছায়। একই সময়ে যুক্তরাষ্ট্রের বাজারে ডব্লিউটিআই তেলের দাম ৪৭ সেন্ট বা শূন্য দশমিক ৫ শতাংশ বেড়ে ব্যারেলপ্রতি ৯৬ ডলার ৯৩ সেন্টে দাঁড়ায়।
এর আগে সোমবার আন্তর্জাতিক বাজারে তেলের দামে বড় ধরনের পতন হয়েছিল। সেদিন ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেলপ্রতি ৮ ডলার ৬৬ সেন্ট বা ৭ দশমিক ৬৩ শতাংশ কমে ১০৪ ডলার ৭৭ সেন্টে নেমে আসে।
এদিকে মার্কিন সংবাদমাধ্যম ওয়াল স্ট্রিট জার্নালের এক প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী ইরানের কেশম দ্বীপে হামলা চালিয়েছে। দেশটির কর্মকর্তাদের বরাত দিয়ে এ তথ্য প্রকাশ করা হয়।
বিজ্ঞাপন
প্রতিবেদন অনুযায়ী, যুক্তরাষ্ট্রের কয়েকজন কর্মকর্তা এ অভিযানকে আত্মরক্ষামূলক পদক্ষেপ হিসেবে ব্যাখ্যা করেছেন। তাঁদের ভাষ্য, হরমুজ প্রণালি দিয়ে চলাচলকারী বাণিজ্যিক জাহাজের ওপর ইরানের হামলা চালানোর সক্ষমতা কমিয়ে আনাই ছিল অভিযানের অন্যতম উদ্দেশ্য।
বিশ্বের জ্বালানি তেল পরিবহনের অন্যতম গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালিকে ঘিরে নতুন করে সামরিক উত্তেজনা তৈরি হয়েছে। এ পরিস্থিতিতে আন্তর্জাতিক বাজারে তেলের সরবরাহ নিয়ে উদ্বেগ বাড়ায় দামে অস্থিরতা দেখা দিয়েছে।








