ঢাকায় শুরু হলো দেশের প্রথম বৃহৎ এআই বিজনেস সামিট

বাংলাদেশে প্রথমবারের মতো বৃহৎ পরিসরে আয়োজন করা হয়েছে ‘বাংলাদেশ এআই বিজনেস সামিট-২০২৬’। বৃহস্পতিবার (৫ নভেম্বর) রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে (বিসিএফসিসি) রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর আনুষ্ঠানিকভাবে এ সম্মেলনের উদ্বোধন করেন।
বিজ্ঞাপন
বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় এবং ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (ডিসিসিআই) যৌথ উদ্যোগে অনুষ্ঠিত হচ্ছে এই সামিট। কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) বাণিজ্যিক প্রয়োগ, দেশীয় প্রযুক্তি উদ্ভাবন এবং এ খাতে বিনিয়োগের সুযোগ তুলে ধরাই আয়োজনটির অন্যতম উদ্দেশ্য।
সামিটে দেশি-বিদেশি মোট ১২৪টি প্রতিষ্ঠান অংশ নিয়েছে। এতে যুক্তরাজ্য ও পাকিস্তানের প্রদর্শকরাও নিজেদের প্রযুক্তি ও উদ্ভাবন নিয়ে হাজির হয়েছেন। বাংলাদেশের অংশগ্রহণকারী প্রতিষ্ঠানগুলোর মধ্যে রয়েছে ব্রেইন স্টেশন, বন্ডস্টাইন, ব্র্যাক আইটি, পাঠাও, ব্রোটেক্স, এসএসডি টেক, ফকির গ্রুপ ও আস্থা আইটিসহ আরও বেশ কয়েকটি প্রতিষ্ঠান।
আরও পড়ুন
বিজ্ঞাপন
আয়োজকেরা জানান, বাংলাদেশের ব্যবসা-বাণিজ্যে কৃত্রিম বুদ্ধিমত্তা কীভাবে ইতিবাচক পরিবর্তন আনতে পারে, সে বিষয়ে ব্যবসায়ীদের বাস্তব ধারণা দেওয়াই এই আয়োজনের প্রধান লক্ষ্য। একই সঙ্গে দেশের বিভিন্ন প্রতিষ্ঠান কীভাবে নিজেদের কার্যক্রমে এআইভিত্তিক প্রযুক্তি ও সমাধান যুক্ত করতে পারে, সে বিষয়েও দিকনির্দেশনা দেওয়া হচ্ছে।
মূলত সামিটটি একটি বিজনেস ম্যাচমেকিং প্ল্যাটফর্ম হিসেবে কাজ করছে। এখানে ব্যবসায়ীরা নিজেদের প্রয়োজন ও চাহিদা অনুযায়ী উপযুক্ত প্রযুক্তি এবং এআইভিত্তিক সমাধান খুঁজে নেওয়ার সুযোগ পাচ্ছেন।
বিজ্ঞাপন
উদ্বোধনের পর সামিটে বিভিন্ন বিষয়ে আলোচনা ও সেমিনারের আয়োজন করা হয়েছে। এর মধ্যে ‘কৃত্রিম বুদ্ধিমত্তার রূপান্তর মোকাবিলা: প্রয়োগ, সম্ভাবনা ও চ্যালেঞ্জ’ শীর্ষক সেমিনারে প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এ বি এম আবদুস সাত্তার উপস্থিত রয়েছেন।
আরও পড়ুন
বিজ্ঞাপন
এ ছাড়া ‘শিল্প ও শিক্ষার মধ্যকার সংযোগ: ব্যবসায়িক উদ্ভাবনে এআই-এর প্রয়োগ’ শীর্ষক আরেকটি সেমিনার অনুষ্ঠিত হচ্ছে।
সম্মেলনে ‘সবার জন্য কৃত্রিম বুদ্ধিমত্তা: স্থানীয় মেধা ও প্রযুক্তির মাধ্যমে বাস্তবভিত্তিক সমস্যার সমাধানে করণীয় নির্ধারণ’ শীর্ষক সেমিনারও আয়োজন করা হয়েছে। এসব আলোচনায় এআইয়ের ব্যবহার, সম্ভাবনা এবং বাংলাদেশের প্রেক্ষাপটে এর কার্যকর প্রয়োগের বিভিন্ন দিক উঠে আসবে।








