আবারও বাড়ল জেট ফুয়েলের দাম

দেশে উড়োজাহাজের জ্বালানি জেট এ-১-এর দাম আবারও বাড়িয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, অভ্যন্তরীণ ফ্লাইটে ব্যবহৃত প্রতি লিটার জেট ফুয়েলের দাম শুল্ক ও মূসকসহ নির্ধারণ করা হয়েছে ১৮৯ টাকা ৩ পয়সা। আগের মাসে এই দাম ছিল ১৮২ টাকা ৭১ পয়সা।
বিজ্ঞাপন
ফলে অক্টোবরের তুলনায় নভেম্বর মাসে অভ্যন্তরীণ ফ্লাইটের জেট ফুয়েলের দাম লিটারপ্রতি বেড়েছে ৬ টাকা ৩২ পয়সা।
বৃহস্পতিবার (৫ নভেম্বর) নতুন মূল্য নির্ধারণ করে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বিইআরসি। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আন্তর্জাতিক বাজারে জেট এ-১-এর প্ল্যাটস রেটের গড় এবং বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের (বিপিসি) এলসি স্টেটমেন্টে উল্লেখিত মার্কিন ডলারের বিনিময় হার বিবেচনায় নিয়ে এ দাম নির্ধারণ করা হয়েছে।
আরও পড়ুন
বিজ্ঞাপন
তবে আন্তর্জাতিক ফ্লাইটের ক্ষেত্রে জেট ফুয়েলের দাম কমানো হয়েছে। এ খাতে প্রতি লিটারের মূল্য শুল্ক ও মূসকমুক্ত ১ দশমিক ১৮৮২ ডলার থেকে কমিয়ে ১ দশমিক ১৬৩৭ ডলার করা হয়েছে।
বিইআরসি জানিয়েছে, নতুন নির্ধারিত দাম ৫ নভেম্বর দিবাগত রাত ১২টা থেকে কার্যকর হবে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এই মূল্য বহাল থাকবে।








