Logo

একদিনের ব্যবধানে ফের ঊর্ধ্বমুখী সোনার দাম

profile picture
নিজস্ব প্রতিবেদক
৭ ফেব্রুয়ারি, ২০২৬, ১১:৩৮
একদিনের ব্যবধানে ফের ঊর্ধ্বমুখী সোনার দাম
ছবি: সংগৃহীত

দেশের সোনার বাজারে চলছে টানা অস্থিরতা। কখনো কমছে, আবার কখনো হঠাৎ করেই বাড়ছে দাম। এমন পরিস্থিতিতে দাম কমানোর এক দিনের মাথায় ফের সোনার দাম বাড়ানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)।

বিজ্ঞাপন

শুক্রবার (৬ ফেব্রুয়ারি) দাম কমানোর পর ২৪ ঘণ্টা না যেতেই শনিবার (৭ ফেব্রুয়ারি) সকালে নতুন করে দাম বাড়ানোর সিদ্ধান্ত জানানো হয়। বাজুসের বিজ্ঞপ্তি অনুযায়ী, সকাল ১০টা থেকে নতুন দাম কার্যকর হয়েছে। এবার প্রতি ভরিতে সর্বোচ্চ ৭ হাজার ৬৪০ টাকা পর্যন্ত দাম বাড়ানো হয়েছে।

নতুন দামে সবচেয়ে ভালো মানের ২২ ক্যারেট সোনার প্রতি ভরি নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৬২ হাজার ৯০ টাকা। এর আগে এই দাম ছিল ২ লাখ ৫৪ হাজার টাকা। একই সঙ্গে ২১ ক্যারেট সোনার প্রতি ভরি ২ লাখ ৫০ হাজার ১৯৩ টাকা, ১৮ ক্যারেট ২ লাখ ১৪ হাজার ৪৪৩ টাকা এবং সনাতন পদ্ধতির সোনার দাম নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৭৫ হাজার ৪৮৫ টাকা।

বিজ্ঞাপন

বাজুস জানিয়েছে, আন্তর্জাতিক বাজারে তেজাবি (পিওর গোল্ড) সোনার দাম বাড়ায় স্থানীয় বাজারে এই মূল্য সমন্বয় করা হয়েছে।

সোনার দাম বাড়লেও রুপার দামে কোনো পরিবর্তন আনা হয়নি। বর্তমানে ২২ ক্যারেট রুপার প্রতি ভরি ৬ হাজার ৩৫৭ টাকা। এ ছাড়া ২১ ক্যারেট রুপা ৬ হাজার ৬৫ টাকা, ১৮ ক্যারেট ৫ হাজার ১৯০ টাকা এবং সনাতন পদ্ধতির রুপা ৩ হাজার ৯০৭ টাকায় বিক্রি হচ্ছে।

এদিকে বিশ্ববাজারেও সোনার দাম ঊর্ধ্বমুখী। স্বর্ণ ও রুপার দামের তথ্যভিত্তিক ওয়েবসাইট গোল্ডপ্রাইস ডট ওআরজি জানায়, আন্তর্জাতিক বাজারে বর্তমানে প্রতি আউন্স সোনার দাম ৪ হাজার ৯৬৬ ডলার, যা আগের দিন ছিল ৪ হাজার ৮৫০ ডলার। এর আগে ৩০ জানুয়ারি সোনার দাম ছিল ৫ হাজার ২০০ ডলার এবং ২৯ জানুয়ারি তা বেড়ে দাঁড়িয়েছিল ৫ হাজার ৫৫০ ডলারে।

বিজ্ঞাপন

বিশ্ববাজারে দাম বাড়ার প্রভাব এর আগেও দেশের বাজারে পড়েছে। গত ২৯ জানুয়ারি বাজুস এক দফায় ভরিপ্রতি ১৬ হাজার ২১৩ টাকা দাম বাড়ায়। ফলে সে সময় ২২ ক্যারেট সোনার ভরি দাঁড়ায় ২ লাখ ৮৬ হাজার টাকায়, যা দেশের ইতিহাসে সর্বোচ্চ। একই সঙ্গে এক ধাপে এত বড় অঙ্কে দাম বাড়ানোর ঘটনা আগে আর ঘটেনি।

জেবি/আরএক্স
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD