জ্বালানি তেলের অস্থিরতায় বাড়ল জেট ফুয়েলের দাম

মার্চ মাসের জন্য বিমান চলাচলে ব্যবহৃত জ্বালানি ‘জেট ফুয়েল’-এর দাম বেড়েছে। অভ্যন্তরীণ রুটের ফ্লাইটের জন্য প্রতি লিটার জেট ফুয়েলের নতুন দাম নির্ধারণ করা হয়েছে ১১২ টাকা ৪১ পয়সা। গত মাসে এই দাম ছিল ৯৫ টাকা ১২ পয়সা। অর্থাৎ লিটারপ্রতি দাম বেড়েছে ১৭ টাকা ২৯ পয়সা।
বিজ্ঞাপন
এছাড়া আন্তর্জাতিক ফ্লাইটের জন্য প্রতি লিটার ফুয়েলের দাম ০.৬২৫৭ ডলার থেকে বৃদ্ধি করে ০.৭৩৮৪ ডলার নির্ধারণ করা হয়েছে।
রোববার (৮ মার্চ) বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) এ তথ্য প্রকাশ করে। কমিশন জানায়, বিমান চলাচলের খরচের সামঞ্জস্য এবং আন্তর্জাতিক বাজারে জ্বালানি মূল্য ওঠানামার কারণে এই সমন্বয় করা হয়েছে।
বিজ্ঞাপন
ফেব্রুয়ারি মাসে অভ্যন্তরীণ ফ্লাইটে লিটার প্রতি জেট ফুয়েলের দাম ছিল ৯৫ টাকা ১২ পয়সা, যা পূর্বে ৯৪ টাকা ৯৩ পয়সা ছিল। একইভাবে, আন্তর্জাতিক এয়ারলাইন্সের জন্য লিটার প্রতি জেট ফুয়েলের দাম তখন ০.৬২৪৬ ডলার থেকে বেড়ে ০.৬২৫৭ ডলার করা হয়েছিল।
বিশেষজ্ঞরা বলছেন, জেট ফুয়েলের দাম বৃদ্ধির প্রভাব সরাসরি বিমান ভাড়া ও অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক ফ্লাইট খরচে প্রতিফলিত হতে পারে। যাত্রী এবং এয়ারলাইন্স উভয়ের জন্য এটি একটি অর্থনৈতিক চাপ তৈরি করতে পারে।
বিজ্ঞাপন
বিইআরসি আরও জানিয়েছে, বিশ্ববাজারে জ্বালানির অস্থিরতা এবং আন্তর্জাতিক সরবরাহের ওঠানামা বিবেচনা করে বিমান চলাচলে জেট ফুয়েলের দাম সময়মতো সমন্বয় করা হচ্ছে, যাতে অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক ফ্লাইটে সেবা প্রভাবিত না হয়।








