সিবিএমএসে আড়াই মাসে ২৫ হাজার ইউপি অনলাইনে জারি

বন্ডেড ওয়্যারহাউজ ব্যবস্থাকে আধুনিক ও কাগজমুক্ত করার লক্ষ্যে চালু হওয়া কাস্টমস বন্ড ম্যানেজমেন্ট সিস্টেম (সিবিএমএস) দেশের বাণিজ্য ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অগ্রগতি অর্জন করেছে। জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) জানিয়েছে, চলতি বছরের ১ জানুয়ারি থেকে ১৬ মার্চ পর্যন্ত আড়াই মাসে সিবিএমএসের মাধ্যমে প্রায় ২৫ হাজার ইউটিলাইজেশন পারমিশন (ইউপি) অনলাইনে জারি করা হয়েছে।
বিজ্ঞাপন
সিবিএমএস সফটওয়্যারের মাধ্যমে বন্ডেড ওয়্যারহাউজ লাইসেন্সধারী প্রতিষ্ঠানগুলো এখন অনলাইনে শুল্ক রেয়াত ও প্রত্যর্পণ পরিদফতরের অনুমোদন অনুযায়ী ইউপি গ্রহণ করতে পারছে। এর ফলে প্রতিষ্ঠানগুলোকে আর সরাসরি কাস্টমস বন্ড কমিশনারেটের ফিজিক্যাল অফিসে উপস্থিত হওয়ার প্রয়োজন হচ্ছে না।
এনবিআর জানায়, সিবিএমএস সফটওয়্যারটি বাংলাদেশ ব্যাংকের অনলাইন সিস্টেমের সঙ্গে অ্যাপ্লিকেশন প্রোগ্রামিং ইন্টারফেস (এপিআই) সম্পন্ন করার মাধ্যমে আমদানি ও রফতানি দলিল যাচাইকে সহজ ও নিরাপদ করেছে। সিস্টেমটি তিনটি কাস্টমস বন্ড কমিশনারেটের মাধ্যমে ইউপি ইস্যু সংক্রান্ত সমস্ত সেবা অনলাইনে সম্পন্ন করছে। ১ জানুয়ারি থেকে ১৬ মার্চ পর্যন্ত মোট ২৪,৯৬৩টি ইউপি অনলাইনে জারি করা হয়েছে।
বিজ্ঞাপন
সিবিএমএস সিস্টেমের মাধ্যমে অনলাইনে ইউপি ইস্যু প্রসেস করার ফলে বন্ডেড ওয়্যারহাউজ সুবিধাভোগী প্রতিষ্ঠানগুলো উল্লেখযোগ্য সময় ও ব্যয় সাশ্রয় করছে। এনবিআরের আশ্বাস অনুযায়ী, এই ব্যবস্থার ফলে দেশের রফতানি বাণিজ্য আরও গতিশীল হচ্ছে এবং বিনিয়োগ পরিবেশ অনুকূল হচ্ছে।
জাতীয় রাজস্ব বোর্ডের পক্ষ থেকে জানানো হয়েছে, কাস্টমস প্রশাসনকে আধুনিক, স্বচ্ছ ও দক্ষ করার অংশ হিসেবে বন্ড অডিটসহ বন্ডেড ওয়্যারহাউজ ব্যবস্থাপনা সংক্রান্ত সব সেবা ধাপে ধাপে অটোমেশনের আওতায় আনা হবে। এতে ট্রেড ফ্যাসিলিটেশন কার্যক্রম আরও জোরদার হবে এবং বাণিজ্য সুবিধাভোগীদের জন্য সেবা আরও সহজলভ্য হবে।
বিজ্ঞাপন
এনবিআর কর্মকর্তারা জানান, সিবিএমএস সফটওয়্যারের কার্যক্রমের মাধ্যমে বন্ডেড ওয়্যারহাউজ লাইসেন্সধারী প্রতিষ্ঠান, বাংলাদেশ ব্যাংক, শুল্ক রেয়াত ও প্রত্যর্পণ পরিদফতর (ডেডো) এবং বিজিএমইএ/বিকেএমইএ-এর ই-ইউডি সিস্টেমের সঙ্গে সমন্বিতভাবে কাজ করা হচ্ছে, যাতে ইউপি সংক্রান্ত সেবা দ্রুত ও নির্বিঘ্নভাবে প্রদান করা যায়।








