দেশের ইতিহাসে সর্বোচ্চ রেমিট্যান্স এলো মার্চে

দেশের রেমিট্যান্স প্রবাহে নতুন এক রেকর্ডের দেখা মিলেছে। সদ্য শেষ হওয়া মার্চ মাসে বিভিন্ন দেশে বসবাসরত প্রবাসী বাংলাদেশিরা দেশে পাঠিয়েছেন ৩৭৫ কোটি ৫০ লাখ ৫ হাজার ডলার, যা প্রায় পৌনে ৪ বিলিয়ন মার্কিন ডলারের সমান।
বিজ্ঞাপন
স্বাধীনতার পর এটি একক কোনো মাসে সর্বোচ্চ রেমিট্যান্স। বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ তথ্য বুধবার (১ এপ্রিল) এ তথ্য নিশ্চিত করেছে।
বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ তথ্য বলছে, মার্চের পুরো সময়ে রেমিট্যান্স আসার পরিমাণ ছিল ৩৭৫ কোটি ৫০ লাখ ৫ হাজার ডলার। আগের ফেব্রুয়ারি মাসের চেয়ে প্রায় ৭৩ কোটি ৫০ লাখ ডলার বেশি এসেছে এবার। আর গত বছরের একই সময়ের চেয়ে (মার্চ ২০২৫) এই রেমিট্যান্স ৪৬ কোটি ডলার বেশি।
বিজ্ঞাপন
বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, দেশের ইতিহাসে এর আগে সর্বোচ্চ রেমিট্যান্স এসেছিল গত বছরের মার্চ মাসে। সে সময় প্রবাসীরা দেশে পাঠিয়েছিলেন মোট ৩২৯ কোটি ৫৬ লাখ ৩০ হাজার (৩.২৯ বিলিয়ন) মার্কিন ডলার। দ্বিতীয় সর্বোচ্চ রেমিট্যান্স এসেছিল গত ডিসেম্বরে। ওই মাসে দেশে আসে ৩২২ কোটি ৬৬ লাখ ডলার (প্রায় ৩.২৩ বিলিয়ন) রেমিট্যান্স। আর তৃতীয় সর্বোচ্চ রেমিট্যান্স আসে গত জানুয়ারিতে, যার পরিমাণ ছিল ৩১৭ কোটি বা ৩.১৭ বিলিয়ন মার্কিন ডলার।








