Logo

জ্বালানির দাম বাড়তেই শেয়ারবাজারে বড় দরপতন

profile picture
নিজস্ব প্রতিবেদক
২১ সেপ্টেম্বর, ২০২৬, ১৮:৪৭
জ্বালানির দাম বাড়তেই শেয়ারবাজারে বড় দরপতন
ছবি: সংগৃহীত

জ্বালানি তেলের দাম বাড়ানোর পর প্রথম কার্যদিবস সোমবার (২১ সেপ্টেম্বর) দেশের শেয়ারবাজারে বড় দরপতন হয়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) অধিকাংশ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দাম কমার পাশাপাশি প্রধান মূল্যসূচকও উল্লেখযোগ্যভাবে নেমেছে।

বিজ্ঞাপন

এর আগে টানা চার কার্যদিবস ঊর্ধ্বমুখী ছিল শেয়ারবাজার। রোববার (২০ সেপ্টেম্বর) পর্যন্ত বাজারে সেই ইতিবাচক ধারা বজায় ছিল। তবে রোববার রাতে সরকার ডিজেল, কেরোসিন, পেট্রোল ও অকটেনের দাম লিটারপ্রতি ২০ টাকা করে বাড়ানোর ঘোষণা দেওয়ার পর সোমবার বাজারে ভিন্ন চিত্র দেখা যায়।

সোমবার ডিএসইতে লেনদেন শুরুর পর থেকেই অধিকাংশ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দাম কমতে থাকে। ফলে শুরুতেই সূচকে নিম্নমুখী প্রবণতা দেখা দেয়, যা লেনদেনের শেষ পর্যন্ত অব্যাহত ছিল। শেষদিকে দরপতনের মাত্রা আরও বাড়ে।

দিন শেষে ডিএসইতে ১০০টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দাম বেড়েছে। বিপরীতে ২৫৪টি প্রতিষ্ঠানের দাম কমেছে এবং ৩২টির দাম অপরিবর্তিত রয়েছে।

বিজ্ঞাপন

আরও পড়ুন

১০ শতাংশ বা তার বেশি লভ্যাংশ দেওয়া ভালো কোম্পানিগুলোর মধ্যে ৭২টির শেয়ারদর বেড়েছে, ১১০টির কমেছে এবং ১২টির অপরিবর্তিত রয়েছে। ১০ শতাংশের কম লভ্যাংশ দেওয়া মাঝারি মানের ১০টি কোম্পানির শেয়ারদর বেড়েছে, ৬৩টির কমেছে এবং একটির অপরিবর্তিত রয়েছে।

বিজ্ঞাপন

লভ্যাংশ না দেওয়ায় ‘জেড’ গ্রুপে থাকা কোম্পানিগুলোর মধ্যে ১৮টির শেয়ারদর বেড়েছে। বিপরীতে ৮১টির কমেছে এবং ১৯টির অপরিবর্তিত রয়েছে। এ ছাড়া ২৪টি মিউচুয়াল ফান্ডের দাম বেড়েছে, কমেছে ২টির এবং অপরিবর্তিত রয়েছে ৭টির।

দাম কমার প্রভাবে ডিএসইর প্রধান মূল্যসূচক ডিএসইএক্স আগের দিনের তুলনায় ৪১ পয়েন্ট কমে ৫ হাজার ৫৫০ পয়েন্টে নেমেছে। ডিএসই-৩০ সূচক ১৫ পয়েন্ট কমে ২ হাজার ১০৫ পয়েন্টে এবং ডিএসই শরিয়াহ সূচক ১১ পয়েন্ট কমে ১ হাজার ১০৭ পয়েন্টে অবস্থান করছে।

সূচক কমলেও ডিএসইতে লেনদেনের পরিমাণ বেড়েছে। সোমবার মোট ৭৮৮ কোটি ৭০ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগের কার্যদিবসে লেনদেন হয়েছিল ৭৪৭ কোটি ৩৮ লাখ টাকা। অর্থাৎ এক কার্যদিবসের ব্যবধানে লেনদেন বেড়েছে ৪১ কোটি ৩২ লাখ টাকা।

বিজ্ঞাপন

১৮ আগস্টের পর সোমবার ডিএসইতে সর্বোচ্চ লেনদেন হয়েছে। ওই দিন বাজারে ৯৯৮ কোটি ১০ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছিল।

আরও পড়ুন

বিজ্ঞাপন

সোমবারের লেনদেনে সবচেয়ে বেশি অবদান রেখেছে ইস্টার্ন ব্যাংক। কোম্পানিটির ২৭ কোটি ৭১ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। দ্বিতীয় অবস্থানে থাকা শার্প ইন্ডাস্ট্রিজের ২৬ কোটি ৩৬ লাখ টাকার এবং তৃতীয় অবস্থানে থাকা এনভয় টেক্সটাইলের ১৯ কোটি ৪১ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

লেনদেনের দিক থেকে ডিএসইর শীর্ষ ১০ প্রতিষ্ঠানের তালিকায় আরও রয়েছে আইপিডিসি ফাইন্যান্স, ওরিয়ন ইনফিউশন, বেক্সিমকো, বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্স, ফারইস্ট নিটিং, প্যারামাউন্ট টেক্সটাইল ও রিলায়েন্স ইন্স্যুরেন্স।

অন্যদিকে সিএসইতে লেনদেনে অংশ নেওয়া ১৮৬টি প্রতিষ্ঠানের মধ্যে ৭৭টির শেয়ার ও ইউনিটের দাম বেড়েছে। ৯০টির দাম কমেছে এবং ১৯টির অপরিবর্তিত রয়েছে। এতে সিএসইর সার্বিক মূল্যসূচক সিএএসপিআই ৩৪ পয়েন্ট কমেছে। দিনটিতে সিএসইতে ২১ কোটি ২ লাখ টাকার লেনদেন হয়েছে, যা আগের কার্যদিবসের ১০ কোটি ৯ লাখ টাকার তুলনায় বেশি।

জেবি/এএস

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD