মার্চেই ২০ হাজার কোটি টাকা ঋণ নিয়েছে সরকার: আশিকুর রহমান

সরকার সম্প্রতি নতুন করে কেন্দ্রীয় ব্যাংক থেকে বড় অঙ্কের ঋণ নেওয়ায় অর্থনীতিতে মূল্যস্ফীতির ঝুঁকি বাড়তে পারে বলে সতর্ক করেছেন গবেষণা প্রতিষ্ঠান পলিসি রিসার্চ ইনস্টিটিউটের (পিআরআই) মুখ্য অর্থনীতিবিদ আশিকুর রহমান। তিনি বলেছেন, মার্চ মাসেই বাংলাদেশ ব্যাংক থেকে প্রায় ২০ হাজার কোটি টাকা ঋণ নিয়েছে সরকার। এটা হাইপাওয়ার মানি, ছাপানো টাকা। অর্থাৎ এটার প্রভাবে মূল্যস্ফীতি বাড়তে পারে।
বিজ্ঞাপন
বৃহস্পতিবার (২৩ এপ্রিল) রাজধানীর বনানীতে পিআরআই কার্যালয়ে ফেব্রুয়ারি ও মার্চ মাসের অর্থনৈতিক পরিস্থিতি পর্যালোচনা উপলক্ষে আয়োজিত এক সেমিনারে তিনি এসব কথা বলেন।
মূল প্রবন্ধ উপস্থাপনের সময় আশিকুর রহমান বলেন, অর্থনৈতিক সংস্কারের গতি শ্লথ হয়ে পড়লে তা দেশের জন্য ক্ষতিকর হতে পারে। তিনি আশা প্রকাশ করেন, সরকার ব্যাংক খাতের সংস্কার, বিশেষ করে ব্যাংক রেজোল্যুশন ইস্যুটি পুনর্বিবেচনা করবে।
বিজ্ঞাপন
একই সঙ্গে তিনি উল্লেখ করেন, সংস্কার প্রক্রিয়ায় পিছিয়ে যাওয়ার ফলে আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) সম্পর্কিত অপ্রয়োজনীয় চাপ ও উদ্বেগ তৈরি হয়েছে।
সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ইন্টারন্যাশনাল চেম্বার অব কমার্স বাংলাদেশের (আইসিসিবি) সভাপতি মাহবুবুর রহমান বলেন, বর্তমান পরিস্থিতিতে বিনিয়োগ নিয়ে ব্যবসায়ীদের মধ্যে অনিশ্চয়তা কাজ করছে। বিশেষ করে গ্যাস ও বিদ্যুতের সরবরাহ নিয়ে দুশ্চিন্তা থাকায় নতুন বিনিয়োগে তারা সতর্ক অবস্থানে রয়েছেন। এই পরিস্থিতি মোকাবিলায় সরকার ও বেসরকারি খাতকে একসঙ্গে কাজ করার ওপর জোর দেন তিনি।
আরও পড়ুন: বিশ্ববাজারে ফের কমলো স্বর্ণের দাম
বিজ্ঞাপন
অনুষ্ঠানে সভাপতিত্বকারী পিআরআই চেয়ারম্যান জাইদি সাত্তার বলেন, জ্বালানি খাতের পরিস্থিতি সরাসরি পণ্যমূল্যের ওপর প্রভাব ফেলছে। বৈশ্বিক প্রেক্ষাপটে হরমুজ প্রণালিকে ঘিরে যে অস্থিরতা তৈরি হয়েছে, তা আন্তর্জাতিক অর্থনীতিতেও চাপ সৃষ্টি করছে। তাই দেশের অর্থনীতিকে স্থিতিশীল রাখতে নির্বাচিত সরকারের জন্য বড় ধরনের কাঠামোগত সংস্কার জরুরি বলে তিনি মন্তব্য করেন।
সেমিনারে অংশগ্রহণকারীরা সাম্প্রতিক অর্থনৈতিক প্রবণতা, মূল্যস্ফীতি, জ্বালানি সংকট এবং বিনিয়োগ পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা করেন এবং সমন্বিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করেন।








