সরকার নিজস্ব উদ্যোগে ব্যাংক রেজুলেশন আইন করছে: অর্থমন্ত্রী

দেশের ব্যাংকিং খাতকে আরও স্থিতিশীল, জবাবদিহিমূলক ও কার্যকর কাঠামোয় আনতে সরকার ব্যাংক রেজুলেশন আইন প্রণয়নের উদ্যোগ নিয়েছে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।
বিজ্ঞাপন
তিনি বলেছেন, এ আইন কোনো আন্তর্জাতিক দাতা সংস্থার চাপ বা শর্তের কারণে নয়; বরং দেশের আর্থিক খাতের স্বার্থে সরকারের নিজস্ব সিদ্ধান্তেই এটি করা হচ্ছে।
রবিবার (১০ মে) রাজধানীর বাংলাদেশ সচিবালয়ে জোহানস ঝাটের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের কাছে এ মন্তব্য করেন তিনি।
বিজ্ঞাপন
প্রায় এক ঘণ্টাব্যাপী অনুষ্ঠিত বৈঠকে দেশের ব্যাংকিং খাতের বর্তমান পরিস্থিতি, সংস্কার কার্যক্রম এবং ভবিষ্যৎ আর্থিক সহায়তা নিয়ে আলোচনা হয় বলে জানা গেছে।
বৈঠক শেষে অর্থমন্ত্রী বলেন, ব্যাংক রেজুলেশন কার্যকর করতে যেসব আইনি ও প্রশাসনিক পদক্ষেপ প্রয়োজন, সরকার সেগুলো বাস্তবায়নে প্রস্তুত রয়েছে।
তিনি আরও বলেন, ব্যাংক খাতে সুশাসন নিশ্চিত করা এবং আর্থিক প্রতিষ্ঠানগুলোর কার্যক্রম আরও শক্তিশালী ভিত্তির ওপর দাঁড় করাতে সরকার দীর্ঘমেয়াদি পরিকল্পনা নিয়ে কাজ করছে। সেই পরিকল্পনার অংশ হিসেবেই ব্যাংক রেজুলেশন আইন প্রণয়নের উদ্যোগ নেওয়া হয়েছে।
বিজ্ঞাপন
বৈঠকে নতুন ঋণ সহায়তার বিষয়েও আলোচনা হয়েছে বলে জানান অর্থমন্ত্রী। এছাড়া আগামী জাতীয় বাজেটকে কেন্দ্র করে সম্ভাব্য সহযোগিতা ও উন্নয়ন সহায়তার বিভিন্ন দিক নিয়েও বিশ্বব্যাংকের প্রতিনিধি দলের সঙ্গে মতবিনিময় হয়।
তবে বৈঠক শেষে বিশ্বব্যাংকের প্রতিনিধি দলের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে কোনো বক্তব্য দেওয়া হয়নি।
বিজ্ঞাপন
বিশেষজ্ঞদের মতে, ব্যাংকিং খাতে খেলাপি ঋণ, দুর্বল তদারকি এবং আর্থিক অনিয়মের মতো চ্যালেঞ্জ মোকাবিলায় কার্যকর রেজুলেশন কাঠামো গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। সরকারের নতুন উদ্যোগ সেই প্রক্রিয়াকে আরও এগিয়ে নিতে সহায়ক হবে বলে ধারণা করা হচ্ছে।








