Logo

আমদানি-রপ্তানিতে সুখবর পেলেন ব্যবসায়ীরা

profile picture
নিজস্ব প্রতিবেদক
১২ মে, ২০২৬, ১৩:৩৭
আমদানি-রপ্তানিতে সুখবর পেলেন ব্যবসায়ীরা
ছবি: সংগৃহীত

দেশের আমদানি-রপ্তানি কার্যক্রমে স্বল্পমেয়াদি বৈদেশিক অর্থায়নের খরচ কমাতে নতুন নির্দেশনা দিয়েছে বাংলাদেশ ব্যাংক। এখন থেকে বিদেশি বাণিজ্য সংশ্লিষ্ট ঋণের সুদহার আন্তর্জাতিক ভিত্তি সুদের হারের সঙ্গে সর্বোচ্চ ৩ শতাংশ যোগ করে নির্ধারণ করতে হবে বলে জানিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।

বিজ্ঞাপন

সোমবার (১১ মে) এ সংক্রান্ত একটি সার্কুলার জারি করে দেশের সব বাণিজ্যিক ব্যাংকের প্রধান নির্বাহীদের কাছে পাঠানো হয়েছে। জারির দিন থেকেই নির্দেশনাটি কার্যকর হয়েছে।

নতুন নির্দেশনা অনুযায়ী, আমদানি ব্যয় মেটানো, রপ্তানি বিল ক্রয় এবং অগ্রিম আমদানির বিল পরিশোধের ক্ষেত্রে ব্যাংকগুলোকে নির্ধারিত সীমার মধ্যেই সুদ, ফি, কমিশন ও অন্যান্য চার্জ আরোপ করতে হবে।

বিজ্ঞাপন

বর্তমানে মার্কিন ডলারের ক্ষেত্রে আন্তর্জাতিক ভিত্তি সুদের হার সোফর (SOFR) রয়েছে ৩ দশমিক ৫৮ শতাংশ। এর সঙ্গে অতিরিক্ত ৩ শতাংশ যোগ করলে মোট খরচ দাঁড়াবে ৬ দশমিক ৫৮ শতাংশ। আগে একই ধরনের অর্থায়নে ব্যাংকগুলোর খরচ ৮ থেকে ৯ শতাংশ পর্যন্ত হতো। ফলে নতুন নীতিমালার কারণে আমদানি ও রপ্তানিতে ব্যয় উল্লেখযোগ্যভাবে কমবে বলে মনে করছে কেন্দ্রীয় ব্যাংক।

একইভাবে ইউরো মুদ্রাভিত্তিক অর্থায়নের ক্ষেত্রেও সুদহার নির্ধারণ করা হয়েছে আন্তর্জাতিক ভিত্তি সুদের হারের ওপর। বর্তমানে ইউরোর ভিত্তি সুদের হার ২ দশমিক ৪৭ শতাংশ। এর সঙ্গে ৩ শতাংশ যোগ করলে মোট খরচ হবে ৫ দশমিক ৪৭ শতাংশ।

বিজ্ঞাপন

সংশ্লিষ্ট সূত্রগুলো জানিয়েছে, এতদিন বৈদেশিক বাণিজ্য অর্থায়নের ক্ষেত্রে কিছু ব্যাংক অতিরিক্ত মুনাফা করায় ব্যবসায়ীদের ব্যয় বেড়ে যেত। নতুন সীমা নির্ধারণের ফলে ব্যাংকের অতিরিক্ত মুনাফার সুযোগ কমবে এবং ব্যবসায়ীরা কম খরচে আমদানি-রপ্তানি কার্যক্রম পরিচালনা করতে পারবেন।

কেন্দ্রীয় ব্যাংক ব্যাংকগুলোকে এই নীতিমালা যথাযথভাবে অনুসরণ এবং প্রয়োজনীয় বৈদেশিক মুদ্রার জোগান নিশ্চিত করার নির্দেশও দিয়েছে।

জেবি/এএস

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD