ঈদের পরদিন রাজধানীর বাজারে সবজির সংকট, দাম চড়া

পবিত্র ঈদুল আজহার পরদিন রাজধানীর কাঁচাবাজারগুলোতে দেখা দিয়েছে সবজির সরবরাহ সংকট।
বিজ্ঞাপন
শুক্রবার (২৯ মে) ঢাকার বিভিন্ন বাজার ঘুরে দেখা যায়, বেশিরভাগ দোকান বন্ধ থাকায় বাজারে সবজির পরিমাণ ছিল কম। আর সেই সুযোগে প্রায় সব ধরনের সবজির দামই বেড়েছে কেজিতে ১০ থেকে ৩০ টাকা পর্যন্ত।
রাজধানীর রামপুরা, মালিবাগ, খিলগাঁও, বনশ্রীসহ বিভিন্ন এলাকার বাজারে গিয়ে দেখা যায়, আড়তে সরবরাহ কম থাকায় খুচরা বাজারেও সবজির দাম চড়া। ব্যবসায়ীরা জানান, ঈদের ছুটির কারণে অনেক আড়ত বন্ধ রয়েছে এবং গ্রাম থেকে ঢাকায় সবজিবাহী ট্রাকও কম এসেছে। ফলে পাইকারি বাজারেই দাম বেড়ে গেছে।
আরও পড়ুন: ঈদের ছুটিতে দেখা মিলছে যানজটহীন ঢাকার
বিজ্ঞাপন
বাজারে প্রতি কেজি পাকা টমেটো বিক্রি হচ্ছে ১০০ থেকে ১৩০ টাকায়, যা ঈদের আগে ছিল ৮০ থেকে ৯০ টাকা। বেগুনের কেজি ৮০ থেকে ৯০ টাকা, করলা ৮০ থেকে ৯০ টাকা এবং কাঁকরোল বিক্রি হচ্ছে ৭০ থেকে ৯০ টাকায়। ঢ্যাঁড়সের দামও বেড়ে দাঁড়িয়েছে ৭০ থেকে ৮০ টাকায়।
এছাড়া কাঁচা মরিচ ও শসার দামেও বড় ধরনের পরিবর্তন দেখা গেছে। ঈদের আগে ২০ টাকা পোয়া বিক্রি হওয়া কাঁচা মরিচ এখন বিক্রি হচ্ছে ৩০ থেকে ৪০ টাকায়। অন্যদিকে শসার কেজি ৩০-৪০ টাকা থেকে বেড়ে এখন ৬০-৭০ টাকায় বিক্রি হচ্ছে। কোথাও কোথাও ১০০ টাকাও চাওয়া হচ্ছে।
রামপুরার সবজি বিক্রেতা কায়সার জানান, ঈদের কারণে আড়তে সবজির সরবরাহ কম। পাশাপাশি বেশিরভাগ ব্যবসায়ী দোকান না খোলায় বাজারে পণ্যের ঘাটতি তৈরি হয়েছে। তবে দু-একদিনের মধ্যে পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসবে বলে আশা করছেন তিনি।
বিজ্ঞাপন
ভ্যানে সবজি বিক্রি করা টিটু মিয়া বলেন, পাইকারি বাজারে প্রায় সব ধরনের সবজির দাম বেড়েছে। সেই প্রভাব খুচরা বাজারেও পড়েছে। তাঁর ভাষায়, ঈদের পর সাধারণত কয়েকদিন সবজির বিক্রি কম থাকে, তাই এবারও সীমিত পরিমাণ সবজি নিয়ে বাজারে এসেছেন।
আরও পড়ুন: ব্রয়লারের কেজি ২০০ টাকা, ডিমের ডজন ১৫০
অন্যদিকে বাজারে আসা ক্রেতারা বলছেন, কোরবানির ঈদ হলেও শুধু মাংস খেয়ে থাকা সম্ভব নয়। তাই প্রয়োজনীয় সবজি কিনতেই বাজারে আসতে হচ্ছে, কিন্তু বাড়তি দাম তাদের বাড়তি চাপে ফেলছে।
বিজ্ঞাপন
মালিবাগ হাজীপাড়া ও খিলগাঁও তালতলা বাজারে গিয়ে দেখা যায়, অল্প কিছু দোকান খোলা থাকলেও বেশিরভাগ ব্যবসায়ী এখনো ঈদের ছুটিতে রয়েছেন। ফলে বাজারে স্বাভাবিক সরবরাহ ফিরতে আরও কয়েকদিন সময় লাগতে পারে বলে ধারণা করছেন সংশ্লিষ্টরা।







