ব্রয়লারের কেজি ২০০ টাকা, ডিমের ডজন ১৫০

সাপ্তাহিক ছুটির দিনে রাজধানীর বাজারে মুরগি ও ডিমের দাম বেড়েছে। শুক্রবার (১৫ মে) বিভিন্ন বাজার ঘুরে দেখা গেছে, ব্রয়লার মুরগি প্রতি কেজি ২০০ টাকায় বিক্রি হচ্ছে। একই সঙ্গে ডিমের ডজন বিক্রি হচ্ছে সর্বোচ্চ ১৫০ টাকায়।
বিজ্ঞাপন
বাজারে সোনালি মুরগির কেজি ৩৩০ থেকে ৩৫০ টাকা এবং দেশি মুরগি ৭০০ থেকে ৮০০ টাকায় বিক্রি হচ্ছে। গত মাসের তুলনায় সোনালি ও দেশি মুরগির দাম উল্লেখযোগ্যভাবে বেড়েছে। ব্রয়লার মুরগির দামও ১৭৫ টাকা থেকে বেড়ে ২০০ টাকায় উঠেছে।
আরও পড়ুন: দেশের বাজারে কমল স্বর্ণের দাম, ভরি কত?
রায়েরবাজারের এক বিক্রেতা জানান, ঈদের পর মুরগির দাম কিছুটা কমলেও চলতি সপ্তাহে আবার বাড়তে শুরু করেছে। বর্তমানে ব্রয়লার ২০০ টাকা, সোনালি ৩৫০ টাকা এবং দেশি মুরগি ৭০০ টাকার বেশি দামে বিক্রি হচ্ছে।
বিজ্ঞাপন
মোহাম্মদপুর টাউন হল মার্কেটের এক ব্যবসায়ীর ভাষ্য, বাজারে চাহিদার তুলনায় সরবরাহ কম থাকায় দাম বেড়েছে। বিশেষ করে বৃহস্পতিবার ও শুক্রবার বিয়ে-শাদির অনুষ্ঠান বেশি থাকায় এ দুই দিনে মুরগির দাম কিছুটা বাড়তি থাকে।
এদিকে গত সপ্তাহের তুলনায় ডিমের দামও বেড়েছে। আগে ১২০ টাকায় বিক্রি হওয়া এক ডজন ডিম এখন ১৫০ টাকায় বিক্রি হচ্ছে। সাদা ব্রয়লার ডিমের ডজন ১৪০ টাকা এবং বড় আকারের ব্রাউন ডিম ১৫০ থেকে ১৬০ টাকায় বিক্রি হচ্ছে।
বিজ্ঞাপন
বিক্রেতারা জানান, ডিমের আকার ও ধরনের ওপর ভিত্তি করে দামে কিছুটা পার্থক্য হচ্ছে।








