জ্বালানি সহযোগিতায় বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের সমঝোতা স্মারক স্বাক্ষর

বাংলাদেশ ও যুক্তরাষ্ট্র জ্বালানি খাতে কৌশলগত সহযোগিতা জোরদারে একটি সমঝোতা স্মারক (এমওইউ) সই করেছে। বৃহস্পতিবার (১৪ মে) ওয়াশিংটন ডিসিতে যুক্তরাষ্ট্রের জ্বালানি দপ্তরে আয়োজিত অনুষ্ঠানে এ সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন মার্কিন জ্বালানি সচিব ক্রিস রাইট এবং বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান।
বিজ্ঞাপন
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের কারণে বিশ্বজুড়ে জ্বালানি সরবরাহ ও নিরাপত্তা নিয়ে উদ্বেগের মধ্যে এই চুক্তি স্বাক্ষরিত হলো। সংশ্লিষ্টরা মনে করছেন, এটি বাংলাদেশের জ্বালানি উৎস বহুমুখীকরণ, সাশ্রয়ী মূল্যে জ্বালানি সংগ্রহ এবং সরবরাহ ব্যবস্থার স্থিতিশীলতা নিশ্চিত করতে সহায়ক হবে।
সমঝোতা স্মারকের আওতায় তেল, গ্যাস, ভূতাপীয় ও জৈবশক্তি খাতে সক্ষমতা বৃদ্ধি, গবেষণা সহযোগিতা এবং প্রযুক্তিগত জ্ঞান ও দক্ষতা বিনিময়ের সুযোগ তৈরি হবে। পাশাপাশি সাশ্রয়ী মূল্যে যুক্তরাষ্ট্র থেকে এলএনজি, এলপিজি ও অন্যান্য জ্বালানি পণ্য আমদানির পথ আরও সহজ হবে।
বিজ্ঞাপন
স্বাক্ষর অনুষ্ঠানে ড. খলিলুর রহমান বলেন, এই সমঝোতা স্মারক বাংলাদেশ-যুক্তরাষ্ট্র সম্পর্কের ক্রমবর্ধমান অগ্রযাত্রায় নতুন মাইলফলক। তিনি এ উদ্যোগে সমর্থনের জন্য প্রধানমন্ত্রী তারেক রহমান এবং যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ধন্যবাদ জানান।
মার্কিন জ্বালানি সচিব ক্রিস রাইটও এ চুক্তিকে দুই দেশের সম্পর্কের ক্ষেত্রে একটি ঐতিহাসিক অগ্রগতি হিসেবে উল্লেখ করেন।
বিজ্ঞাপন
অনুষ্ঠানে বাংলাদেশ দূতাবাসের কর্মকর্তা এবং যুক্তরাষ্ট্রের জ্বালানি দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।








