Logo

ইসলামী ব্যাংকে নজরদারি জোরদারে পর্যবেক্ষক নিয়োগ

profile picture
নিজস্ব প্রতিবেদক
১০ জুন, ২০২৬, ২১:০৮
ইসলামী ব্যাংকে নজরদারি জোরদারে পর্যবেক্ষক নিয়োগ
ছবি: সংগৃহীত

দেশের বৃহত্তম বেসরকারি শরিয়াহভিত্তিক আর্থিক প্রতিষ্ঠান ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির কার্যক্রম তদারকিতে একজন পর্যবেক্ষক নিয়োগ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। ব্যাংকটির সাম্প্রতিক পরিস্থিতি, আমানতকারীদের স্বার্থ রক্ষা এবং সার্বিক কার্যক্রম নিবিড়ভাবে পর্যবেক্ষণের অংশ হিসেবে এ পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।

বিজ্ঞাপন

বুধবার (১০ জুন) বাংলাদেশ ব্যাংক থেকে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তি অনুযায়ী, ব্যাংক কোম্পানি আইন, ১৯৯১-এর ধারা ৪৯(১)(ঘ)(আ) অনুসারে কেন্দ্রীয় ব্যাংকের নির্বাহী পরিচালক মো. আশ্রাফুল আলমকে ইসলামী ব্যাংকের পর্যবেক্ষক হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।

বিজ্ঞাপন

বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, দায়িত্ব পালনকালে তিনি ব্যাংকের পরিচালনা পর্ষদের সভাসহ গুরুত্বপূর্ণ নীতিনির্ধারণী কার্যক্রমে অংশগ্রহণ করবেন। একই সঙ্গে ব্যাংকের সামগ্রিক কার্যক্রম, আর্থিক অবস্থা, প্রশাসনিক বিষয় এবং পরিচালনাগত পরিস্থিতি নিয়ে প্রয়োজনীয় মতামত ও পর্যবেক্ষণ কেন্দ্রীয় ব্যাংকের কাছে উপস্থাপন করবেন।

কেন্দ্রীয় ব্যাংক বলছে, দেশের ব্যাংকিং খাতে সুশাসন, স্বচ্ছতা, জবাবদিহি এবং স্থিতিশীলতা নিশ্চিত করতে তারা অঙ্গীকারবদ্ধ। ইসলামী ব্যাংকে পর্যবেক্ষক নিয়োগের মাধ্যমে ব্যাংকটির কার্যক্রমে আস্থা পুনরুদ্ধার এবং শৃঙ্খলা বজায় রাখতে ইতিবাচক প্রভাব পড়বে বলে আশা করা হচ্ছে।

সম্প্রতি ইসলামী ব্যাংকের পরিচালনা পর্ষদে পরিবর্তনের পর বিভিন্ন শাখায় অস্থির পরিস্থিতির সৃষ্টি হয়। নতুন চেয়ারম্যান নিয়োগের পর অনেক গ্রাহক তাদের আমানতের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেন। এর প্রভাবে কিছু শাখা থেকে উল্লেখযোগ্য পরিমাণ অর্থ উত্তোলনের ঘটনাও ঘটে। ফলে ব্যাংকটির তারল্য পরিস্থিতি ও স্বাভাবিক কার্যক্রম নিয়ে ব্যাংক খাতে ব্যাপক আলোচনা শুরু হয়।

বিজ্ঞাপন

এ পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন দেশের বিভিন্ন ব্যাংকের প্রধান নির্বাহীরাও। তাদের মতে, দেশের অন্যতম বৃহৎ শরিয়াহভিত্তিক ব্যাংক হিসেবে ইসলামী ব্যাংকের যেকোনো অস্থিরতা সামগ্রিক ব্যাংকিং খাতের ওপর প্রভাব ফেলতে পারে।

এর আগে বাংলাদেশ ব্যাংকের গভর্নর সংশ্লিষ্ট পক্ষগুলোর সঙ্গে আলোচনা করে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার উদ্যোগ নেওয়ার কথা জানিয়েছিলেন। সেই ধারাবাহিকতায় পর্যবেক্ষক নিয়োগের সিদ্ধান্ত।

জেবি/এএস

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD