ভ্যাটসহ সোনার নতুন দাম ঘোষণা, ভরিতে কমল ৯ হাজার টাকা

দেশের বাজারে সোনা ও রুপার নতুন মূল্য নির্ধারণ করেছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। এবার প্রথমবারের মতো ভ্যাট অন্তর্ভুক্ত করে স্বর্ণালংকারের দাম প্রকাশ করেছে সংগঠনটি। নতুন মূল্যতালিকায় ভরিপ্রতি সোনার দাম ৯ হাজার টাকারও বেশি কমেছে।
বিজ্ঞাপন
বাজুসের নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ভ্যাটসহ ২২ ক্যারেটের প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) স্বর্ণালংকারের দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৩২ হাজার ৯৩০ টাকা। আগের দামের তুলনায় প্রতি ভরিতে দাম কমেছে ৯ হাজার ১৩ টাকা।
বৃহস্পতিবার (১৮ জুন) সকাল ১০টা থেকে নতুন এ মূল্য কার্যকর হয়েছে।
বিজ্ঞাপন
বাজুস জানায়, সংগঠনের মূল্য নির্ধারণ ও মূল্য পর্যবেক্ষণ স্থায়ী কমিটির বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। পরে কমিটির চেয়ারম্যান ডা. দেওয়ান আমিনুল ইসলাম শাহীন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি জানানো হয়।
এর আগে গত ১৫ জুন ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম নির্ধারণ করা হয়েছিল ২ লাখ ৩০ হাজার ৪২২ টাকা। সেই মূল্যের সঙ্গে ৫ শতাংশ ভ্যাট যুক্ত হলে এক ভরি স্বর্ণালংকারের বিক্রয়মূল্য দাঁড়াত ২ লাখ ৪১ হাজার ৯৪৩ টাকা। নতুন সিদ্ধান্তে ভ্যাটসহ একই মানের স্বর্ণালংকারের দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৩২ হাজার ৯৩০ টাকা।
নতুন মূল্যতালিকা অনুযায়ী, ভ্যাটসহ ২১ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম ২ লাখ ২২ হাজার ৪৯১ টাকা। ১৮ ক্যারেটের প্রতি ভরির দাম নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৯১ হাজার ৫৬ টাকা। এছাড়া সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনার দাম রাখা হয়েছে ১ লাখ ৫৬ হাজার ৬৪ টাকা।
বিজ্ঞাপন
সোনার দামে সঙ্গে ভ্যাটসহ রুপার দামও নির্ধারণ করে দিয়েছে বাজুস। ভ্যাটসহ ২২ ক্যারেটের এক ভরি রুপার দাম ৫ হাজার ৩৬৫ টাকা নির্ধারণ করা হয়েছে। এ ছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি রুপা ৫ হাজার ১৩২ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ৪ হাজার ৪৩২ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি রুপার দাম ৩ হাজার ৩২৪ টাকা নির্ধারণ করা হয়েছে।
প্রস্তাবিত ২০২৬-২৭ অর্থবছরের বাজেটে সোনার দামে নির্ধারিত ভ্যাট কমানোর প্রস্তাব দেওয়া হয়। দেশে সোনা ও স্বর্ণালংকার কেনাবেচায় আগে মোট বিক্রয়মূল্যের ওপর ৫ শতাংশ হারে মূল্য সংযোজন কর (মূসক) বা ভ্যাট দিতে হতো। ব্যবসায়ীদের দাবির পরিপ্রেক্ষিতে এ পদ্ধতি পরিবর্তন করে নির্ধারিত অঙ্কের ভ্যাট আরোপের প্রস্তাব দেওয়া হয়েছে।
বিজ্ঞাপন
২০২৬-২৭ অর্থবছরের বাজেটে প্রতি ভরি সোনার ওপর ২ হাজার ৫০০ টাকা ভ্যাট নির্ধারণ করা হয়েছে। ফলে এবার ভ্যাটসহ দাম নির্ধারণ করেছে বাজুস।








